© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রাজিলিয়ান তারকা

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রাজিলিয়ান তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
চোটের কারণে রদ্রিগো গোয়েসকে আগেই হারিয়েছে ব্রাজিল। ফিট থাকলে আসন্ন বিশ্বকাপে রদ্রিগোর মতো এদার মিলিতাওয়ের জায়গাও ব্রাজিলের স্কোয়াডে নিশ্চিত ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারও সতীর্থ রদ্রিগোর মতোই কপালপোড়া। বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনিও। স্পেনের সংবাদমাধ্যমগুলো এমন খবরই দিয়েছে।

এই সপ্তাহে ফিনল্যান্ডে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মিলিতাও। ফলে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে এবং রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। এমনকি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ২৮ বছর বয়সী সেন্টারব্যাক।

কয়েকদিন আগেই অবশ্য মিলিতাওয়ের ছিটকে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে মিলিতাও তার পুরোনো চোটের জায়গায় নতুন করে চোট পান। এই চোটটি খুব গুরুতর না হলেও আগের সমস্যার জায়গায় প্রভাব ফেলায় অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে, যা আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল।

‘মার্কা’ জানিয়েছে, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের অপারেশন করবেন বিশেষজ্ঞ ল্যাসে লেম্পাইনেন, যিনি ২০২৩ সালে এসি মিলানের ফরাসি খেলোয়াড় পিয়েরে কালুলু এবং ২০২৪ সালে উরুগুয়ের রোনাল্ড আরাঔহোর চিকিৎসা করেছিলেন।

ফিট থাকলে মিলিতাও ব্রাজিল দলের নিয়মিত একাদশের খেলোয়াড় ছিলেন। তবে লিগামেন্ট ইনজুরি ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তিনি বাছাইপর্বের শেষদিকে ও প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি। সর্বশেষ গত নভেম্বরে তিউনিসিয়ার বিপক্ষে খেলেন তিনি, যেখানে ৬০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেন।



পোর্তো ও সাও পাওলোর সাবেক খেলোয়াড় মিলিতাও বেশ কিছুদিন ধরেই ইনজুরির সমস্যায় ভুগছেন, যার কারণে ধারাবাহিকভাবে খেলতে পারছেন না। তবুও তার ফুটবল দক্ষতার কারণে তিনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ।

শেষ তিন মৌসুমে তিনি যথাক্রমে খেলেছেন ১৩টি (২০২৩/২৪), ১৮টি (২০২৪/২৫) এবং ২১টি (২০২৫/২৬) ম্যাচ, যা তার শারীরিক দুর্বলতার প্রমাণ দেয়।

২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা মিলিতাওকে এবারও কোচের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ধরা হচ্ছিল। জাতীয় দলের হয়ে তার ৩৮ ম্যাচে ২টি গোল রয়েছে। তবে এবার তাকে ঘরে বসেই বিশ্বকাপ দেখতে হবে।

এদিকে ব্রাজিল দলে আরও দুশ্চিন্তার কারণ রয়েছে। তরুণ তারকা এস্তেভাও গুরুতর (গ্রেড ৪) হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। পাশাপাশি রদ্রিগোও মার্চের শুরুতে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাস ছিঁড়ে ফেলায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

এসকে/টিএ

মন্তব্য করুন