রিয়াল মাদ্রিদের কারণেই কী মেসির সঙ্গে স্ক্যালোনির জুটি ভেঙে যাচ্ছে?
ছবি: সংগৃহীত
০১:১০ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
লিওনেল মেসির সঙ্গে লিওনেল স্ক্যালোনির জুটিতে কি অবশেষে ছেদ পড়তে চলেছে? স্প্যানিশ গণমাধ্যমের খবর তো সে রকম ইঙ্গিতই দিচ্ছে। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেয়া এই কোচকে দলের ভার দেয়ার জন্য নাকি যোগাযোগ করছে রিয়াল মাদ্রিদ। বর্তমান কোচ আলভারো আরবেলোয়াকে সরিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন কোচের ভূমিকায় স্ক্যালোনির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
মাদ্রিদ এখন এক ধরনের রূপান্তর ও অনিশ্চয়তার সময় পার করছে। লা লিগায় বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা এবং এই মৌসুমে বড় কোনো শিরোপার সম্ভাবনা না থাকায় আরবেলোয়ার ওপর চাপ বাড়ছে। শুরু থেকেই তার কোচিং সময়টাকে অস্থায়ী হিসেবে দেখা হচ্ছিল, আর এখন ক্লাব কর্তৃপক্ষ একজন বড় মাপের কোচ খুঁজছে।
এই পদের জন্য ইতোমধ্যে বেশ কয়েকজন বড় নাম আলোচনায় এসেছে, যেখানে আছে সেস্ক ফাব্রেগাস, ইয়ুর্গেন ক্লপ এবং ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশামের নাম। তবে নতুন করে স্ক্যালোনির নাম উঠে আসা চমক তৈরি করেছে, বিশেষ করে বার্সেলোনার কিংবদন্তি মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে।
স্প্যানিশ রেডিও ‘এল পারতিদাজো দে কোপ’-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে স্ক্যালোনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। ৪৭ বছর বয়সী এই কোচ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতানোর মাধ্যমে নিজের অবস্থান অনেক উঁচুতে নিয়ে গেছেন। বড় তারকাদের সামলানো, বিশেষ করে মেসির মতো মহাতারকাকে সামলানোর দক্ষতাই মাদ্রিদের নজর কেড়েছে।

এই সম্ভাব্য পদক্ষেপ স্ক্যালোনির জন্যও বড় পরিবর্তনের সূচনা হবে, কারণ তিনি কয়েক বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলকে একটি অপরাজেয় দল গড়ে তুলেছেন। তবে ক্লাব পর্যায়ে কোচিংয়ে তার অভিজ্ঞতা সীমিত। অন্যদিকে মাদ্রিদের জন্য তার মতো কোচকে আনা হবে বড় বার্তা দেওয়ার মতো সিদ্ধান্ত, যদিও তার চুক্তি ও সময়সূচি বিষয়টিকে জটিল করে তুলতে পারে।
আর্জেন্টিনার কোচ হিসেবে স্ক্যালোনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। ইউরোপের ক্লাবগুলোর আগ্রহ বাড়লেও তিনি এখনো পুরোপুরি জাতীয় দলের দায়িত্বেই মনোযোগী। গত মার্চে এক সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে তিনি বলেছিলেন, ‘সামনে কী আছে আমি সেটাই ভাবছি। অনেক দূরের কথা ভাবা ঠিক নয়, এতে মনোযোগ নষ্ট হয়। সভাপতির সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, প্রয়োজন হলে বসে কথা বলব।’
স্ক্যালোনির সঙ্গে যোগাযোগের খবর আরবেলোয়ার অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার পর তিনি বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে পারেননি। লিগে এখনও পাঁচটি ম্যাচ বাকি থাকতেই মাদ্রিদের মৌসুম নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে।
যদি স্কালোনি বা অন্য বড় কোচদের সঙ্গে যোগাযোগের খবর এভাবেই বাড়তে থাকে, তাহলে আরবেলোয়ার বিদায় সময়ের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।
এসকে/টিএ