© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলের আরও ৩ ম্যাচে মাঠে যাওয়ার অনুমতি দর্শকদের

শেয়ার করুন:
পিএসএলের আরও ৩ ম্যাচে মাঠে যাওয়ার অনুমতি দর্শকদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
দর্শকশূন্য মাঠেই শেষ হতে যাচ্ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। যা নিয়ে শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা আপত্তি জানিয়ে আসলেও সিদ্ধান্ত বদলাচ্ছে শেষ মুহূর্তে। প্রথমে বলা হয়েছিল- কেবল ফাইনাল ম্যাচের দিন দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। এবার আরও তিন ম্যাচে স্টেডিয়ামে হাজির হওয়ার অনুমতি পেলেন দেশটির ক্রিকেটভক্তরা।

আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে পিএসএলের প্লে-অফ রাউন্ড। নতুন করে এই রাউন্ডের তিন ম্যাচের জন্যই দর্শকরা সরাসরি খেলার দেখার অনুমোদন পেয়েছেন। যা ফাইনালসহ বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। প্লে-অফের প্রথম (কোয়ালিফায়ার) ম্যাচে এদিন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে। এই ম্যাচ করাচিতে এবং অবশিষ্ট তিন ম্যাচ গড়াবে লাহোরে।



টুইট বার্তায় মহসিন নাকভি জানিয়েছেন, ‘এইমাত্র প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক হয়েছে এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পিএসএলের তিনটি প্লে-অফ ম্যাচেই দর্শকদের উপস্থিতির জন্য তার অনুমতি পেয়েছি। তবে তিনি গুরুত্বপূর্ণ একটি শর্ত দিয়েছেন- চলমান জাতীয় ব্যয় সংকোচন প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে, ম্যাচ দেখতে আসার সময় ভক্তদের গণপরিবহন ব্যবহার করতে অথবা জ্বালানি খরচ কমাতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।’

এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসর ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে।

অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট সংকটের পর জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এমনকি সিদ্ধান্ত হয়- খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

সূত্রের বরাতে ইএসপিএন ক্রিকইনফো বলছে, এই প্রতিবেদন লেখার সময় পিসিবির শীর্ষ কর্মকর্তারা টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। আগামীকাল (বুধবার) প্রথম এলিমিনেটর ম্যাচে লাহোরে মুলতান সুলতান্স এবং হায়দরাবাদ কিংসমেন মুখোমুখি হবে। এরপর শুক্রবার দ্বিতীয় এলিমিনেটর একই ভেন্যুতে কোয়ালিফায়ারের পরাজিত দল ও প্রথম এলিমিনেটরে বিজয়ী দলের মধ্যে খেলা হবে। ৩ এপ্রিল ফাইনাল দিয়ে পর্দা নামবে পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিগের।

এমআর/টিকে  

মন্তব্য করুন