‘বৈভবের ব্যাটে এআই চিপ লাগানো, পরীক্ষাগারে পাঠানো উচিত’
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে ৮ ম্যাচে ৩৫৭ রান করে কমলা টুপির দৌড়ে ভালোভাবেই আছেন। একটি শতরানের ইনিংসও রয়েছে। ভারতের এই সেনসেশনের ব্যাট নিয়ে এবার প্রশ্ন তুললেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নোমান নিয়াজ।
অবশ্য কিছুটা মজাচ্ছলেই বলেছেন, বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) চিপ লাগানো আছে। সে কারণেই এত রান করছেন তিনি।
নোমান নিয়াজ দেশটি এক ইউটিউব অনুষ্ঠানে বলেছেন, “একবার ভেবে দেখুন। এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যেভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সেভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।”

তবে নোমানের কথার সুর এবং হাসি দেখে বোঝা গিয়েছে, মজার ছলেই কথাগুলো বলেছেন তিনি। বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তার মতে, এই বয়সে এতটা শারীরিক শক্তি সাধারণত দেখা যায় না।
তিনি বলেছেন, “কী অসাধারণ ক্রিকেটার! আমার মনে হয়েছে আগের ম্যাচে ও কিছুটা ধীরগতিতে খেলেছে। স্ট্রাইক রেট ৩০০ হওয়া উচিত ছিল।
তখনই ভেবে দেখলাম, কী করে এতটা জোর পাচ্ছে গায়ে? সাধারণত ১৮ বছর বয়স হলে গায়ের পেশি, বাইসেপ, ট্রাইসেপ বোঝা যায়। এই ছেলেটার মাত্র ১৬ বছর বয়স। ওর জন্ম হওয়ার সময় বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। বৈভব কব্জি কাজে লাগিয়ে খেলতে ভালোবাসে। ওর পছন্দের জায়গায় বল দিলে মাঠের যে কোনো জায়গায় সেটা পাঠাতে পারে।”
এমআর/টিকে