বিশ্বকাপের আগে লুকা মদ্রিচের অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত
০২:২৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন ক্রোয়েট কিংবদন্তি লুকা মদ্রিচ। তবে হঠাৎই বড় ধাক্কা খেল ক্রোয়েশিয়া ও তার ক্লাব এসি মিলান। গালের হাড়ে চিড় ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হচ্ছে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।
রোববার (২৬ এপ্রিল) সিরি আ'তে জুভেন্টাসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের শেষ দিকে দুর্ঘটনার শিকার হন মদ্রিচ। প্রতিপক্ষ মিডফিল্ডার লোকাতেলির সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি। ম্যাচ শেষের প্রায় ১০ মিনিট আগে তাকে মাঠ ছাড়তে হয়।

তীব্র ব্যথা নিয়েও পুরো ম্যাচ বেঞ্চে বসে দলের পাশে ছিলেন ৪০ বছর বয়সি এই তারকা। পরদিন মেডিকেল পরীক্ষায় তার মুখের বাঁ পাশের গালের হাড়ে চিড় ধরা পড়ে। ক্লাব সূত্রে জানা গেছে, খুব দ্রুতই তার অস্ত্রোপচার হবে।
এই চোটে চলতি মৌসুমে মদ্রিচের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসি মিলান বর্তমানে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। চার ম্যাচ বাকি থাকতে তারা শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে।
তবে সবচেয়ে বড় চিন্তা এখন বিশ্বকাপ। আগামী ১১ জুন ফুটবল বিশ্বকাপ শুরু হবে। ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, ঘানা ও পানামা।সময়মতো সুস্থ হলেও বিশেষ সুরক্ষা মাস্ক পরে খেলতে হতে পারে মদ্রিচকে।
এমআর/টিকে