স্প্যানিশ সাংবাদিকের দাবিরিয়াল মাদ্রিদ স্ক্যালোনির সঙ্গে যোগাযোগ করেছে
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
চলতি মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে যে আলভারো আরবেলোয়া থাকছেন না, তা নিশ্চিতভাবেই বলা যায়। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকজনের নামে গুঞ্জন শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রিয়ালের সম্ভাব্য কোচ হিসেবে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেয়া লিওনেল স্ক্যালোনির নামও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।
আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনির চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। তবে তার আগেই আলবিসেলেস্তেদের ডাগআউট থেকে বিদায় নিতে পারেন এই ৪৭ বছর বয়সী কোচ। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন স্ক্যালোনি, অন্তত স্প্যানিশ সাংবাদিক মানালো লামার দাবি এমনটাই।
সম্প্রতি ‘এল পার্তিদাজো দে লা কাদেনা কোপ’ অনুষ্ঠানে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন মানালো লামা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, রিয়াল মাদ্রিদ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। তারা অনেক কোচের সঙ্গেই কথা বলছে, কিন্তু স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে, এটা আমি নিশ্চিত। ফ্লোরেন্তিনো পেরেজ আবারও লোপেতেগুইয়ের মতো কিছু করছেন।’
তিনি আরও বলেন, ‘তিনি (পেরেজ) স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন দিক যাচাই-বাছাই করছেন।‘
খেলোয়াড়ি জীবনে দেপোর্তিভো লা করুনা এবং মায়োর্কায় খেলা স্কালোনি সাধারণত স্পেনেই বসবাস করেন এবং লা লিগা সম্পর্কে ভালো ধারণা রাখেন। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে সেভিয়াতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে কোচিং ক্যারিয়ারে বড় সাফল্য পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জেতা। তিনি তারকা-ভরা ড্রেসিংরুম দক্ষতার সঙ্গে সামলেছেন, যেখানে লিওনেল মেসি ছিলেন দলের নেতা।

এই খবর আর্জেন্টিনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে বিশ্বকাপের পর স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের অপেক্ষায় ছিল সবাই। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনির ঘনিষ্ঠ সূত্রগুলো এই যোগাযোগের বিষয়টি ‘স্পষ্টভাবে অস্বীকার‘ করেছে।
অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং এর সভাপতি ক্লদিও ‘চিকি‘ টাপিয়াকে ঘিরে চলমান আইনি তদন্ত স্কালোনির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে। এ কারণে তিনি এখনও তার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না এবং বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
কয়েক সপ্তাহ আগে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘এখন সামনে যা আছে, আমি সেটা নিয়েই ভাবি। এর বাইরে চিন্তা করা ঠিক নয়, কারণ এতে মনোযোগ নষ্ট হয়। আমি এখানে ভালো আছি, সামনে কী হবে দেখা যাবে। সভাপতির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রয়োজন হলে আমরা বসে কথা বলব।‘
টিজে/টিএ