© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গালের হাড় ভেঙে গেছে মদরিচের, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

শেয়ার করুন:
গালের হাড় ভেঙে গেছে মদরিচের, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে দেড় মাসও বাকি নেই। এর আগে একের পর তারকা ফুটবলার চোটে পড়ছেন। সেই তালিকায় সর্বশেষ নাম লুকা মদরিচ।

ইতালিয়ান সিরি ‘আ’-তে গত রবিবারের ম্যাচে বলের দখল নিতে গিয়ে জুভেন্টাসের মানুয়েল লোকাতেল্লির মাথার সঙ্গে সজোরে ধাক্কা খান এসি মিলান তারকা মদরিচ।

এতে তার গালের হাড় ভেঙে যায়।

তবে চোটে পড়ে বেশ কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেলেও মদরিচের এখনো খেলার সম্ভাবনা আছে। বিশ্বকাপের আগেই অধিনায়ক মদরিচ সেরে উঠবেন বলে আশাবাদী ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস)।

এসি মিলান জানিয়েছে, বাঁ পাশের গালে আঘাত পাওয়ার কয়েক ঘণ্টা পরেই মদরিচের সফল অস্ত্রোপচার করা হয়েছে।



পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৪০ বছর বয়সী তারকা কবে ফিরবেন, তা জানায়নি মিলান। তবে সিরি ‘আ’-এর চলতি মৌসুমে তিনি যে আর খেলতে পারবেন না, তা নিশ্চিত।

ক্রোয়েশিয়ার হয়ে এখন পর্যন্ত চারটি বিশ্বকাপে খেলেছেন মদরিচ। রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারের নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ক্রোয়েটরা, যা দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাফল্য।

চোট থেকে সেরে উঠলে ২০২৬ বিশ্বকাপে মদরিচ প্রতিরক্ষামূলক মাস্ক পরে খেলতে পারেন বলে জানিয়েছে ক্রোয়েশিয়ার ক্রীড়া দৈনিক স্পোর্টসকে নভোস্তি।

এবারের বিশ্বকাপ শুরু ১১ জুন। ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে।

 টিজে/টিএ 

মন্তব্য করুন