© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

শেয়ার করুন:
সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তাদের আগেই সরে দাঁড়াতে বলেছিল দেশটির সরকার। শেষ পর্যন্ত তা-ই হলো। সরকারি হস্তক্ষেপে আজ ভেঙে গেল এসএলসি।

বোর্ডের কর্মকর্তারা আজ একযোগে পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এসএলসি সভাপতির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এখনো ১১ মাস বাকি। এই সময়েই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার।
তিনি একই সঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ।’

এসএলসিতে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। জনগণের অসন্তোষের কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহের শেষে বোর্ড সভাপতি শাম্মি সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

কদিন আগে সরকারি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি গঠন করে। নতুন কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। এই কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রির সন্তান ও স্ত্রী।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়।

২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এসএলসির সদস্যপদ স্থগিত করেছিল।

পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে স্থগিতাদেশ তুলে শাম্মি সিলভার কমিটি পুনর্বহাল করা হয়েছিল। তারপর চতুর্থবারের মতো এসএলসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তো বোর্ডই ভেঙে দেওয়া হলো।

সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি আবারো এসএলসিকে শাস্তি দেয় কি না, এখন সেটাই দেখার অপক্ষো। 

টিজে/টিএ 

মন্তব্য করুন