বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দিচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত
০৫:৪৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন টিকিট কেটে খেলা দেখতে যাওয়া দর্শকরা। এবার তাদের কিছুটা হলেও ভালো খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেবে বোর্ড। ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'যারা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা প্রযোজ্য নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবেন।'

আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই শঙ্কা ছিল আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা।
আরআই/ টিএ