বিশ্বকাপের দল ঘোষণা করল চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন ন্যান্সি প্যাটেল ও ইজি শার্প। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার সোফি ডিভাইন এবং বোলার লিয়া তাহুহু জানিয়েছেন, এই টুর্নামেন্টের পরই তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
এর আগে সুজি বেটসও আকারে ইঙ্গিতে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। আগামী সেপ্টেম্বরে ৩৯ বছরে পা দিতে যাওয়া বেটস 'শেষ মিশনের' প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বুধবার (২৯ এপ্রিল) নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করেছে যে ডিভাইন (৩৬) ও তাহুহুও (৩৫) একই টুর্নামেন্টের পর অবসর নেবেন।
শিরোপা রক্ষার লক্ষ্যে দল ঘোষণা করার মধ্য দিয়েই এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের বিষয়টি নিশ্চিত হয়। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্বে দেবেন অ্যামেলিয়া কের। দুই বছর আগে শিরোপাজয়ী দলের ১০ জন সদস্য রয়েছেন এবারের দলে, এই তালিকায় বেটস, ডিভাইন, তাহুহু ছাড়াও আছেন ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হলিডে, জেস কের, রোজমেরি মেয়ার এবং জর্জিয়া প্লিমার।
এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন বাঁহাতি পেসার ব্রি ইলিং, উইকেটকিপার-ব্যাটার পলি ইংলিস এবং বাঁহাতি স্পিনার ফ্লোরা ডেভোনশায়ার। গত বছরের ওয়ানডে বিশ্বকাপ দলেও ছিলেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হয় অফ স্পিন অলরাউন্ডার ন্যান্সি প্যাটেলের এবং এখন পর্যন্ত চার ম্যাচে ৩.৫৬ ইকোনমি রেটে ছয়টি উইকেট নিয়েছেন। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার শার্প তুলনামূলক বেশি অভিজ্ঞ, ২০২৫ সালের মার্চে অভিষেকের পর এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি খেলেছেন।
নিউজিল্যান্ডের প্রধান কোচ বেন সয়্যার বলেছেন, এই দল নির্বাচনে অভিজ্ঞতা ও নতুন প্রতিভার মিশ্রণ প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, 'বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের, আর বিশ্বকাপের গুরুত্ব আলাদা। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।'
তিনি আরও বলেন, 'ইজি ও ন্যান্সির জন্য এটি বিশেষ মুহূর্ত, কারণ এটি তাদের প্রথম বিশ্বকাপ। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মানিয়ে নিয়েছে এবং এই নতুন চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাসী হওয়া উচিত।' সয়্যার আরও উল্লেখ করেন, একই টুর্নামেন্টে ডিভাইন, বেটস ও তাহুহুর ক্যারিয়ার শেষ হওয়া একটি বিরল ঘটনা। তার ভাষায়, 'তিনজনই নিজেদের মতো করে অসাধারণ ক্যারিয়ার গড়েছেন এবং দল ও ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন।'
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড, শেষ আটটি টি-টোয়েন্টির মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তারা। বিশ্বকাপের আগে মে মাসের শেষদিকে তারা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, আর ৭ জুন থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
গ্রুপ ২-এ নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৬ ও ৯ জুন লাফবরোতে যথাক্রমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৪ জুন হ্যাম্পশায়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
অ্যামেলিয়া কের (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ (উইকেটকিপার), ম্যাডি গ্রিন, ব্রুক হলিডে, ব্রি ইলিং, পলি ইংলিস (উইকেটকিপার), জেস কের, রোজমেরি মেয়ার, ন্যান্সি প্যাটেল, জর্জিয়া প্লিমার, ইজি শার্প (উইকেটকিপার) এবং লিয়া তাহুহু।
এবি/টিএ