আমি ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল দেখতে মুখিয়ে আছি: নেইমার
ছবি: সংগৃহীত
০৮:৩৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি নেইমারের। ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচগুলোয় সান্তোসের স্ট্রাইকারকে দলে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচের যুক্তি, শতভাগ ফিট নন নেইমার।
কোচের আস্থা অর্জন করতে না পারায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন তাই ঝুলেই রয়েছে। ভাগ্যে সুতোয় ঝুললেও ব্রাজিল তারকার বিশ্বাস, বিশ্বকাপে খেলবেন। সুদাআমেরিকান কাপে সান লরেঞ্জোর বিপক্ষে ১-১ গোলের ড্র শেষে ৩৪ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমি বিশ্বকাপে থাকব। প্রত্যেক খেলোয়াড়ের এটা স্বপ্ন। আশা করি, সেই লক্ষ্য (বিশ্বকাপে খেলা) অর্জন করব।’

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হলে মুহূর্ত অবিশ্বাস্য হবে বলে জানান নেইমার। সাবেক বার্সেলোনা ও পিএসজির উইঙ্গার বলেছেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল দেখতে মুখিয়ে আছি। এমনটা ঘটলে মুহূর্তটা হবে অবিশ্বাস্য।’
আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ৪৮ দলের বিশ্বকাপটি হবে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয়। ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। বিপরীতে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে। সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান।
আরআই/টিএ