© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন মামুনুল

শেয়ার করুন:
সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন মামুনুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
একসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন। ছিলেন সবচেয়ে বড় তারকাও। ঘরোয়া ফুটবলে খেলেছেন আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামালের মতো বড় ক্লাবে। সেই মামুনুল ইসলাম অবশেষে অবসরে যাচ্ছেন।

ইচ্ছা ছিল মাঠ থেকেই জাতীয় দলকে বিদায় জানাবেন। নানা কারণে তা আর হতে পারেনি। তবে ঘরোয়া ফুটবলকে মাঠ থেকে বিদায় জানাবেন তিনি। বর্তমানে ফর্টিস এফসিতে খেলা মামুনুল সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন।



আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার (১ মে) বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রাখবেন মামুনুল। 

৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার লিখেছেন, ‘আমি মামুনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক। দীর্ঘদিনের এই পেশাদার ফুটবল যাত্রার শেষ অধ্যায়ে এসে আগামী ১ মে ফর্টিস এফসি বনাম রহমতগঞ্জ ম্যাচের মাধ্যমে আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।’ 

নিজের বিদায়ি ম্যাচ ঘিরে মামুনুল ইসলাম ভক্ত-সমর্থকদের উদ্দেশে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ দিনে তাদের উপস্থিতিই হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ৩ গোল করেছেন মামুনুল। দেশের প্রায় সব শীর্ষ ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। দেশের গণ্ডি পেরিয়ে একসময় ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব আতলেতিকো ডি কলকাতাতেও নাম লিখিয়েছিলেন মামুনুল। 


আরআই/টিএ

মন্তব্য করুন