বৃষ্টির দিনে কার কথা বেশি মনে পড়ে?
ছবি: সংগৃহীত
০৪:৫৯ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
বৃষ্টির দিনে জানালার কাঁচে টুপটাপ শব্দ আর বাতাসে ভেসে আসা ভেজা মাটির গন্ধে মন হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যায়। এই সময়টায় আমাদের মনের জানালায় উঁকি দিয়ে যায় অসংখ্য পুরনো স্মৃতি। তখন সবচেয়ে বেশি মনে পড়ে কিছু মানুষকে, কিছু ফেলে আসা সময়কে; যারা একসময় খুব কাছের ছিল।
মনোবিজ্ঞানীরা বলেন, মেঘলা আবহাওয়া মানুষের স্মৃতিকে বেশি সক্রিয় করে তোলে। চারপাশ যখন নীরব হয়ে আসে, তখন মন পুরনো অনুভূতিগুলোকে আবার খুঁজে বের করতে শুরু করে।
সবচেয়ে বেশি মনে পড়ে পুরনো প্রেমের কথা।কোনো এক বিকেলে ছাতার নিচে পাশাপাশি হাঁটার স্মৃতি কিংবা হঠাৎ ভিজে যাওয়ার পর দুজনের একসঙ্গে হাসি, হেডফোন ভাগাভাগি করে প্রিয় গান শোনা, বৃষ্টির দিনে এই ছোট ছোট মুহূর্তগুলোই উঁকি দিয়ে যায় মনের জানালায়। যে মানুষটিকে একসময় খুব আপন মনে হয়েছিল, দূরে চলে যাওয়ার পরও তার স্মৃতিগুলো বৃষ্টির সঙ্গে ফিরে আসে।
মায়ের কথাও খুব মনে পড়ে
বৃষ্টির শব্দে অনেকের মনে পড়ে যায় শৈশব। টিনের চালে বৃষ্টির শব্দ, মায়ের হাতের রান্না করা গরম খিচুড়ি, বৃষ্টিতে ভেজা নিয়ে বকা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব স্মৃতি আরও নরম হয়ে ওঠে। যারা পরিবার থেকে দূরে থাকেন, তাদের কাছে বৃষ্টি মাঝে মাঝে হাহাকারও বয়ে আনে।
যে মানুষটি আর নেই
কিছু মানুষ কখনও ফিরে আসে না, কিন্তু কিছু আবহাওয়া তাদের স্মৃতিকে জীবন্ত করে তুলে। বৃষ্টির দিনে হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের কথা বেশি মনে পড়ে। কারণ এই আবহাওয়ার মধ্যে এক ধরনের শূন্যতা আছে, যা হৃদয়ের খালি জায়গাগুলোকে আরও স্পষ্ট করে তোলে।
কেন বৃষ্টি মানুষকে আবেগী করে তোলে
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির শব্দ ও মেঘলা পরিবেশ মানুষের মস্তিষ্কে গভীর অনুভূতি তৈরি করে। বাইরের ব্যস্ততা কমে গেলে মানুষ নিজের অনুভূতির দিকে বেশি মনোযোগ দেয়। এ কারণে একাকীত্ব, ভালোবাসা, আফসোস বা মায়া সবকিছুই তখন বেশি তীব্র লাগে।
কিছু অনুভূতির নাম হয় না
বৃষ্টির দিনে সবাই যে প্রেমিক বা প্রাক্তনের কথাই মনে করে, তা নয়। কেউ মনে করে পুরনো বন্ধু, কেউ হারিয়ে যাওয়া সময়, কেউবা এমন কাউকে যাকে কখনও বলাই হয়নি মনের কথা। কিছু অনুভূতি থাকে, যেগুলোর কোনো নির্দিষ্ট পরিচয় নেই। শুধু বৃষ্টি নামলেই তারা নিঃশব্দে ফিরে আসে।
বৃষ্টির দিনে কার কথা বেশি মনে পড়ে এমন প্রশ্নের উত্তরে মেহেদী হাসান রনি নামের এক তরুণ বলেন, ‘আমাদের পুরনো দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল! বৃষ্টি নামলেই আমার বড় বোনের হাতের রান্না করা ডিম খিচুড়ির কথা মনে পড়ে। পরিবারের সবাই একসঙ্গে বসে বৃষ্টি দেখতাম আর খিচুড়ি খেতাম।’
এ ব্যাপারে মারিয়া হোসেন নামের এক তরুণী বলেন, ‘বৃষ্টি এলেই আমার মন খুঁজে ফেরে স্কুলের বন্ধুদের। সময়ে-অসময়ের বৃষ্টিতে কত ভিজেছি তাদের সঙ্গে!এসব এখন শুধুই স্মৃতি।’
সুজন নাজমুল নামের এক তরুণ বলেন, ‘বৃষ্টি মনে করিয়ে দেয় পুরনো প্রেমের স্মৃতি।’
টিজে/টিএ