© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ, আমরা বিএনপি-জামায়াত: তাহের

শেয়ার করুন:
সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ, আমরা বিএনপি-জামায়াত: তাহের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
সংসদে সরকারি দলের (বিএনপি) সদস্যদের আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাদের কথা ও ভঙ্গি দেখে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ আর আমরা বিএনপি-জামায়াত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ড. তাহের বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা যে ভঙ্গিতে জামায়াতের বিরুদ্ধে বলত এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি বেঞ্চ থেকে একই আচরণ লক্ষ্য করছি। অথচ আমরা সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজ ক্ষমতায় যাওয়ার পর বিএনপি কেন আওয়ামী লীগের মতো আচরণ করছে, তা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, ‘সংসদে আমাদের রাজাকার-আলবদর বলা হচ্ছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রীও এমন শব্দ ব্যবহার করেছেন যা অত্যন্ত অ-সংসদীয়। অতীতের কাঁদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা দরকার। শুধু মুখে ভালো কথা বললে হবে না, মানসিকতার পরিবর্তন চাই।’

এ সময় ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর নয় এবং এই ব্যাংকের পরিচালক পদে বর্তমানে জামায়াতের কোনো এমপি নেই বলে সংসদকে জানান ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক কতিপয় সৎ ও উদ্যোগী মানুষের ফসল ছিল, যা একসময় দক্ষিণ এশিয়ার এক নম্বর বেসরকারি ব্যাংক হয়েছিল।’

তাহের বলেন, ‘সততা, দক্ষতা ও গুড ম্যানেজমেন্টের কারণেই ইসলামী ব্যাংক সফল হয়েছে। এখন সুদি ব্যাংকগুলোও তাদের উইন্ডো খুলে ইসলামী ব্যাংকিং করছে। এটা কোনো দলের ব্যাংক নয়। যদি বলেন পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল, তবে সেটি ইতিবাচক। কারণ আমরা ভালো ম্যানেজমেন্টে বিশ্বাস করি। অর্থমন্ত্রী একজন বিজ্ঞ মানুষ, আমি আশা করব তিনি রেকর্ড দেখে আগামী সংসদে এই বিভ্রান্তি দূর করবেন।

এমআই/টিএ

মন্তব্য করুন