© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের শেষটা এগিয়ে আসছে, প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত: রোনালদো

শেয়ার করুন:
ক্যারিয়ারের শেষটা এগিয়ে আসছে, প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত: রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
আল-আহলির বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল করে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ক্যানালগোটবিআরকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা খোলামেলা কথা বলেন নিজের ক্যারিয়ারের শেষ পর্যায়, দীর্ঘ ফুটবল যাত্রা এবং এখনও মাঠে নামার পেছনের অনুপ্রেরণা নিয়ে।

রোনালদো স্বীকার করেন, তার ফুটবল ক্যারিয়ারের শেষ সময়টা এখন ক্রমেই কাছাকাছি এসে পড়ছে। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষটা এগিয়ে আসছে… তাই আমাদের প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত।’

তবে বয়স বাড়লেও তার খেলার আগ্রহ ও গোলের ক্ষুধা একটুও কমেনি বলেও জানান তিনি। তার ভাষায়, ‘আমার ক্যারিয়ার অসাধারণ ছিল এবং আমি চাই সেটি এমনই থাকুক। আমি এখনও খেলাটা উপভোগ করছি, এখনও গোল করছি।’


ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আল নাসরের এই তারকা। সৌদি প্রো লিগ জয়ের লক্ষ্য নিয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রোনালদো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। আমরা সত্যিই লিগ জিততে চাই।’ বর্তমানে আল নাসর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে আট পয়েন্ট এগিয়ে, যদিও তারা একটি ম্যাচ বেশি খেলেছে।

নিজের প্রভাব নিয়েও কথা বলেন রোনালদো। তিনি জানান, তিনি শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয়, আগের ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হতে চান। তার ভাষায়, ‘আমি শুধু এই প্রজন্মের জন্যই নয়, আগের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও খেলি। আমি প্রতিদিন, প্রতিটি ম্যাচ, প্রতি বছর উপভোগ করি; এমনকি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও। এটা বাস্তবতা।’

৪১ বছর বয়সেও রোনালদো এখনও আগের মতোই প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে মাঠে নামছেন। গোল করা, জেতা এবং নিজের ছাপ রেখে যাওয়াই তার লক্ষ্য। শেষটা কাছে এলেও, মাঠে নামলেই যেন তার অদম্য আকাঙ্ক্ষার কোনো শেষ নেই।

এমআর/টিএ  

মন্তব্য করুন