চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির পদে নির্বাচন করবেন ইনফান্তিনো
ছবি: সংগৃহীত
১২:৫১ পিএম | ০১ মে, ২০২৬
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০২৭ সালে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে সমাপনী বক্তব্যে ইনফান্তিনো জানান, তিনি ২০২৭ সালের নির্বাচনে প্রার্থী হবেন। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনে জয়ী হলে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন।
২০১৬ সালে দুর্নীতি কেলেঙ্কারির পর সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফার দায়িত্ব নেন ইনফান্তিনো। এরপর ২০১৯ ও ২০২৩ সালে তিনি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

এরই মধ্যে আফ্রিকার ফুটবল সংস্থা (সিএএফ) এবং দক্ষিণ আমেরিকার কনমেবল তার প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতির সর্বোচ্চ মেয়াদ সীমা ১২ বছর হলেও ইনফান্তিনোর প্রথম তিন বছর (২০১৬-২০১৯) আংশিক মেয়াদ হিসেবে গণ্য হওয়ায় তা এই সীমার মধ্যে ধরা হয়নি। ফলে তিনি আরো একটি পূর্ণ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।
আরআই/এসএন