বিদায়ী ম্যাচে ২৪ মিনিট খেললেন মামুনুল
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ০১ মে, ২০২৬
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম তার পেশাদার খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনেছেন আজ (শুক্রবার)। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন তিনি। বিদায়ী ম্যাচে মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন ফর্টিজের এই তারকা।
মামুনুল ফর্টিজে নিয়মিত খেলতেন না। আজ তার শেষ ম্যাচ হওয়ায় মূল একাদশে ছিলেন এবং তার হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। ২৪ মিনিটে তিনি যখন মাঠ থেকে উঠে যান, তখন দুই দলের খেলোয়াড়েরা দাঁড়িয়ে গার্ড অব অনার দেন। এই মিডফিল্ডারের বিদায়ক্ষণ স্মরণীয় করে রাখার আনুষ্ঠানিকতা সারতে খেলা দুই মিনিটের মতো বন্ধ ছিল।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মাননা দিয়েছে। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও তিন কার্যনির্বাহী সদস্য তার হাতে ফুলের তোড়া ও বাফুফের ক্রেস্ট তুলে দেন। এ সময় ফুটবলসংশ্লিষ্ট আরও অনেকে তাকে ফুল দেন।
বাংলাদেশের তারকা ক্রীড়াবিদদের অনেকে মাঠ থেকে বিদায় নিতে পারেন না। মামুনের ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান এমিলিও মাঠ থেকে এভাবে বিদায় নিতে পারেননি। মামুনের এমন বিদায় আয়োজন সম্ভব হয়েছে মূলত তার বর্তমান ক্লাব ফর্টিজের সদিচ্ছায়।
এমআই/টিএ