© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালাহকে নিয়ে আশার কথা শোনালেন লিভারপুল কোচ

শেয়ার করুন:
সালাহকে নিয়ে আশার কথা শোনালেন লিভারপুল কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ এএম | ০২ মে, ২০২৬
পেশির চোটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আসছে ম্যাচে খেলতে পারবেন না মোহামেদ সালাহ। তবে মৌসুম শেষের আগেই তিনি মাঠে ফিরতে পারবেন, প্রত্যাশা লিভারপুল কোচ আর্না স্লটের।

অ্যানফিল্ডে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচে পেশিতে চোট পান সালাহ। দর্শকদের করতালির মধ‍্যে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

তাতে লিভারপুলের জার্সিতে সালাহর আর মাঠে নামতে না পারার শঙ্কা জোরাল হয়। কেননা, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন মিশরের এই ফরোয়ার্ড। পরে মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানও বলেন, চোটের জন‍্য চলতি মৌসুমে আর ক্লাব ফুটবলে খেলা হবে না সালাহর।

তবে তার ফেরার ব্যাপারে আশাবাদী স্লট। আগামী রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল। দুই দিন আগে শুক্রবার সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শোনালেন কোচ।



“মোর (সালাহ) ব্যাপারে আমরা যা জানি, সে যখন ফিট থাকে তখন অবিশ্বাস্যমাত্রায় কঠোর পরিশ্রম করে, আবার যখন চোটাক্রান্ত থাকে তখনও দ্রুত ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।"

“আমরা আশা করি, মৌসুমের একদম শেষভাগে সে মাঠে ফিরবে, তবে রোববার নয় (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে)।”

বিশ্বকাপ মাঠে গড়াতে আর দেড় মাস সময়ও বাকি নেই। তাই সালাহকে নিয়ে স্লটের মন্তব্য মিশরের জন্যও স্বস্তির।

“সবদিক থেকেই বড় স্বস্তিদায়ক যে, তার চোট গুরুতর কিছু নয়। ফলে সে আমাদের জন্য ও বিশ্বকাপেও খেলতে পারবে। যদি এমন কোনো খেলোয়াড় থেকে থাকে যার বিদায়টা বিশেষভাবে হওয়া উচিত, তাহলে সেটা অবশ্যই মো (সালাহ)।”

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে ম্যাচে মাঠে নামবে লিভারপুল এবং ইউনাইটেড ম্যাচের ফল তাদের চ্যাম্পিয়ন্স লিগে টিকেট পাওয়ার লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে ইউনাইটেড। আসছে ম্যাচটি তাদের জন্যও বিশেষ উপলক্ষের হতে পারে। বর্তমানে তৃতীয় স্থানে আছে দলটি এবং আর দুই পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেয়ে যাবে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে লিভারপুল। লিভারপুলের সমান ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যাস্টন ভিলা।

এবারের প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটি দল সরাসরি খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

এমআর/টিএ  

মন্তব্য করুন