ইরান যুদ্ধের 'সমাপ্তি' ঘোষণা করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
১২:১৮ পিএম | ০২ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কার্যত শেষ হয়েছে। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে।
তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ রয়ে গেছে।
চিঠিতে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে তিনি জানান, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে তিনি কংগ্রেসকে অবহিত করবেন। তিনি বলেন, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার জন্য।
এদিকে, সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহীনের তীব্র সমালোচনা করে বলেন, ৬০ দিনের সংঘাতের পরও প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল বা বের হওয়ার পথ নেই। তিনি এই সময়সীমাকে আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
যুদ্ধবিরতি থাকলেও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি হয়নি। একই দিনে ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজুলেশন অনুযায়ী, কোনো মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন যুদ্ধ পরিচালনা করতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে অনুমোদন নিতে হয় বা সেনা প্রত্যাহারের জন্য সীমিত সময়ের বাড়তি সুযোগ নেওয়া যায়।
তথ্যসূত্র: শাফাক নিউজ
এসকে/এসএন