সালাহর শেষ অধ্যায় এখনও বাকি, সুখবর দিলেন কোচ
ছবি: সংগৃহীত
০১:০৫ পিএম | ০২ মে, ২০২৬
মোহাম্মদ সালাহর ইনজুরি গুরুতর নয়। মৌসুম শেষ হওয়ার আগে আবারও মাঠে ফিরবেন তিনি। লিভারপুলের হয়ে খেলবেন বিদায়ী ম্যাচ। বর্ণাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা দেবে অলরেডরা। মিশরীয় তারকার ইনজুরি নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ আর্নে স্লট। তার বিশ্বাস, ফিফা বিশ্বকাপেও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন সালাহ।
ভক্তদের জন্য সুখবর। ইংলিশ ক্লাব ফুটবলের দর্শকদের সামনে শেষবার পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াতে লিভারপুলের জার্সিতে আরও একবার ফিরছেন সালাহ। যারা ভেবেছিলেন মৌসুম শেষ হওয়ার আগেই ইনজুরিতে শেষ সালাহর অলরেড অধ্যায়, তাদের অবাক করে দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় মিশরীয় তারকা। যার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, সেই কোচ আর্নে স্লটই জানালেন খবরটা।
এ বিষয়ে আর্নে স্লট বলেন, ‘সালাহ সবসময়ই কঠোর পরিশ্রম করে। ফিট থাকলেও করে, ইনজুরিতে পড়লেও। এবারও ব্যতিক্রম নয়। ছোটখাট ইনজুরি হলে সে অন্যদের তুলনায় দ্রুত ফিট হয়ে ফেরে। এবারও তার ইনজুরি বড় নয়। এই রোববারের ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে, মৌসুমের একেবারে শেষে তাকে পাওয়ার আশা করছি।’
অলরেড শিবিরে সম্ভাব্য সবকিছুই জিতেছেন সালাহ। তার ইজিপশিয়ান মেসি হয়ে ওঠা মূলত এখানেই। ৯ বছর ধরে ক্লাবটির আক্রমণভাগের মূল চরিত্র তিনি। অ্যাটাকিং পজিশনে কয়েক দফা কম্বিনেশন পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি থেকে গেছেন। সেই সালাহকে নিয়েই গুঞ্জন শুরু হয়, অ্যানফিল্ডে ভালো নেই। কোচ স্লটের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না। এ নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা ফুটবলার গত মার্চে অবশেষে বিদায়ই বলে দেন। জানিয়ে দেন, লাল জার্সিতে এ মৌসুমটাই শেষ।

ভক্তরা অপেক্ষায় ছিলেন ক্লাব কিংবদন্তির বর্ণীল এক ফেয়ারওয়েলের। কিন্তু, গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে তার হ্যামস্ট্রিং চোটে সে স্বপ্নও ভেঙে যায়। এমনকি মিশরের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলা হবে কি না, তা নিয়েও শঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে, এদিন স্লটের কথায় যেন হাঁফ ছেড়ে বাঁচেন মিশরীয় ফ্যানরা।
আর্নে স্লট বলেন, ‘তাকে আবারও পাওয়াটা স্বস্তিদায়ক। আমাদের হয়ে সে মাঠে নামবে। বিশ্বকাপেও খেলবে। তার মতো ফুটবলারের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে আর ৪ ম্যাচ বাকি আছে লিভারপুলের। পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পটের দৌড়ে ভালোভাবে আছে তারা। রোববারের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। রেড ডেভিলদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে চারে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা। ইউনাইটেড ম্যাচে সালাহ না থাকলেও চেলসি, অ্যাস্টন ভিলা ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে পরবর্তী ৩ ম্যাচের মধ্যে এক বা একাধিক ম্যাচে সালাহকে পাওয়াটা হবে লাভজনক। ইজিপশিয়ান গ্রেটও নিশ্চয়ই প্রিয় ক্লাব থেকে হাসিমুখে বিদায় নিতে চাইবেন।
টিজে/টিএ