© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই : ট্রাম্প

শেয়ার করুন:
ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই : ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ০২ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংঘাত ‘শেষ’ হয়ে গেছে। এ কারণে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা মানার প্রয়োজন তার নেই বলে তিনি যুক্তি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো যুদ্ধ বা বড় সামরিক অভিযান শুরু করলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, না হলে অভিযান বন্ধ করতে হয়। 

তবে ট্রাম্প কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে বলেন, গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে শত্রুতা শেষ হওয়ায় এই নিয়ম আর প্রযোজ্য নয়।
তবে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি হয়নি। ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে, কিন্তু তিনি পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন। তার দাবি, ইরানের সামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়ায় চুক্তি করা কঠিন হচ্ছে।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড তাকে বিভিন্ন বিকল্প দিয়েছে, চুক্তি করা থেকে শুরু করে ইরানের ওপর বড় হামলা পর্যন্ত।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে সেটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই পরিস্থিতিতে কংগ্রেসের মধ্যে প্রশ্ন উঠেছে, যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে ভোট হওয়া উচিত কি না।

বিশেষজ্ঞদের একটি অংশ বলছে, যুদ্ধবিরতি হলেও তা সংঘাত পুরোপুরি শেষ করে না, তাই আইন অনুযায়ী ৬০ দিনের সময়সীমা এখনো কার্যকর থাকতে পারে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান থেকে এই সংঘাত শুরু হয়, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

কেএন/এসএন

মন্তব্য করুন