© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাওয়ার সময় হয়েছে : মোহাম্মদ সালাহ

শেয়ার করুন:
যাওয়ার সময় হয়েছে : মোহাম্মদ সালাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ পিএম | ০২ মে, ২০২৬
লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর ৯ বছরের সম্পর্ক ভাঙতে চলেছে। দুই বছরের নতুন চুক্তি করলেও এক বছর আগেই অব্যাহতি চেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। ক্লাবও তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে। বেশ কিছু কারণে ধারণা হতে পারে, তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু এই মিশরীয় ফরোয়ার্ড জোর দিয়ে বললেন, মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে খুশি তিনি এবং স্বেচ্ছায় চলতি মৌসুমের পর অ্যানফিল্ড ছাড়ছেন।

লিভারপুলে সালাহ তার এই বিদায়ী মৌসুম নিঃসন্দেহে ভুলে থাকতে চাইবেন। নিজেও স্বীকার করেছেন কঠিন এক সময় পার করতে হয়েছে তাকে। ফর্ম নিচের দিকে থাকায় গত ডিসেম্বরে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ আর্নে স্লট।একটা সময় হতাশ কণ্ঠে সালাহ বলেন, তাকে বাসের নিচে ছুঁড়ে দিয়েছে ক্লাব। কোচের সঙ্গেও তার রেষারেষির গুঞ্জন প্রকাশ্যে আসে।

আফ্রিকা কাপ অব নেশন্সের পর ৩৩ বছর বয়সীর সঙ্গে ক্লাব ও স্লটের উষ্ণ সম্পর্ক শীতল হতে শুরু করে। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নেন তিনি। সাবেক লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডের সঙ্গে টিএনটি স্পোর্টস-এর এক সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘পুরো মৌসুমজুড়ে আমার মনে হয়েছে এখনই এটা করার সঠিক সময়। আমি এটা নিয়ে খুশি। আমাদের সবার জন্য মৌসুমটা কঠিন ছিল, আমি বেশি কিছু বলতে চাই না।’



তিনি আরও বললেন, ‘আমি এনিয়ে খুব খুশি। এই মৌসুমে যা কিছু হচ্ছে তাতে মনে হয়েছে ‘না, এখন যাওয়ার সময়’। তাই আমি খুব খুশি।’ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোট পাওয়ার কারণে মাঠের বাইরে সালাহ। আশঙ্কা করা হচ্ছিল, আর হয়তো মাঠে ফিরতে পারবেন না তিনি। কিন্তু স্বস্তির খবর, আবার দেখা যাবে তাকে লিভারপুলের জার্সিতে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচেই সম্ভবত তাকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়া হবে। ওই ম্যাচের আগেই তিনি ফেরার ব্যাপারে আশাবাদী।

সালাহ বললেন, ‘সত্যি বলতে আমি মনে করি আমার অনেক কিছু দেওয়ার আছে। শারীরিকভাবে আমি ভালোবোধ করছি। এই মৌসুমে আমি অনেক খেলা খেলেছি। আমি কী করতে যাচ্ছি, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। আমার হাতে অনেক বিকল্প আছে, যেগুলো ভালো বিকল্প।’

এমআই/টিএ

মন্তব্য করুন