আলু ভর্তা-ভাত আর নয়, ক্রিকেটারদের গ্রিল চিকেন খাওয়াবে বিসিবি
ছবি: সংগৃহীত
০৫:৩৪ পিএম | ০২ মে, ২০২৬
ডিপিএলে ক্রিকেটারদের দুপুরে খাবারে ভাত, আলু ভর্তা, গরুর মাংস দেওয়া হয়। যেটা ফিটনেসের জন্য ভালো নয়। বিষয়টি বিবেচনা করে এবার থেকে ম্যাচ চলাকালীন মধ্যাহ্নভোজে গ্রিলড চিকেন দেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান।
শনিবার (২ মে) মিরপুরে ডিপিএল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও সিসিডিএম চেয়ারম্যান তামিম ইকবাল। আগামী ৪ মে থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ আসরকে ঘিরে আরও বেশ কিছু আধুনিক ও প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
এতদিন ক্লাবগুলো নিজস্ব ব্যবস্থাপনায় দুপুরের খাবারের আয়োজন করত, যেখানে স্বাস্থ্য সচেতনতার চেয়ে রসনাবিলাসের প্রাধান্য ছিল বেশি। এ বিষয়ে তামিম ইকবাল বলেন, আমরা জানি হঠাৎ করে ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। জাতীয় দল বা বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা এতে অভ্যস্ত হলেও ঘরোয়া লিগের সবার জন্য এটি চ্যালেঞ্জিং। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব খেলোয়াড়দের ফিটনেসের ক্ষতি করে না- এমন খাবার সরবরাহ করতে।
গত আসরে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলার সময় নিজেই অসুস্থ হয়ে পড়া এবং মাঠের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়েছেন তামিম। তাই এবার ৬টি ভেন্যুর প্রতিটিতেই পর্যাপ্ত সংখ্যক আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করেছে বিসিবি। তীব্র গরমের মাঝে ক্রিকেটারদের যেকোনো শারীরিক জটিলতা মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিক্সিংবিরোধী কঠোর অবস্থান
টুর্নামেন্টকে স্বচ্ছ রাখতে এবার আন্তর্জাতিক ম্যাচের মতো কঠোর অ্যান্টি-করাপশন (আকু) নিয়ম কার্যকর করা হচ্ছে।
বাস থেকে নামার পরই ক্রিকেটারদের মোবাইল ফোন জমা নেওয়া হবে।
আইসিসি বা বিপিএলের মতো প্রটোকল অনুসরণ করা হবে।
ইতিমধ্যে প্রতিটি দলকে আকু সদস্যদের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হয়েছে।
ভেন্যু ও সম্প্রচার
এবারের ডিপিএল অনুষ্ঠিত হবে মোট ৬টি মাঠে- বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি, পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি এবং ইউল্যাব মাঠ। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং তাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে।
সংবাদ সম্মেলনে তামিম ইকবালের সাথে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা, সৈয়দ ইব্রাহিম আহমেদসহ টাইটেল স্পন্সর ওয়ালটন ও বসুন্ধরা সিমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে এমন পেশাদার পদক্ষেপ ক্রিকেটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
এসকে/টিএ
Copied from: https://rtvonline.com/