শেষ ম্যাচে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৫:৫৬ পিএম | ০২ মে, ২০২৬
শ্রীলঙ্কার মেয়েরা বাংলাদেশ সফরে দারুণ সাফল্য পেল। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও ২-১ ব্যবধানে ট্রফি হাতে নিয়েছিল তারা। তারপর এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও জেতে সফরকারীরা। আজ (শনিবার) শেষ ম্যাচে ৩ রানের জন্য হেরে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে ৯ ওভারের পরিণত ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
ইনিংসের তৃতীয় ওভারে মারুফা আক্তার টানা চারটি চার হজম করেন ইমেশা দুলানির ব্যাটে। তার আগের ওভারে ফারিহা তৃষ্ণা এক ছয়-চারে দেন ১৬ রান।

৩ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে সুলতানা খাতুন ভাঙেন ৪৩ রানের উদ্বোধনী জুটি। পরের দুই ওভারে বাংলাদেশ আরও তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিল।
৫৩ রানে চার উইকেট হারানোর পর শ্রীলঙ্কা জ্বলে ওঠে। বিশেষ করে চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি চার-ছয়ে রানের গতি বাড়ান। শেষের দুই বলে দুজনই আউট হন।
শেষ তিন ওভারে ৩৪ রান তোলেন তারা দুজনে মিলে। দিলহারি ৭ বলে ১৫ রান ও চামারি ২৭ বলে ৪১ রানে থামেন। তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ৬ উইকেটে ৮৭ রান। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ তিন উইকেট নেন।
লক্ষ্যে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। পরের ওভারে তিনি মাঠ ছাড়েন। এরপর সতর্ক ব্যাটিং আর সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা।
কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে দরকার পড়ে ১৪ রান। প্রথম বলে নিগার সুলতানা আউট হন। সুলতানা খাতুন পরের দুটি বলে ডাবলস নেন এবং চতুর্থ বলে চার মেরে উত্তেজনা বাড়ান। কিন্তু শেষ দুটি বলে প্রয়োজনীয় ৬ রান নিতে পারেননি তিনি। সিঙ্গেলস নেন শারমিন। তাতে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন জুয়াইরিয়া ফেরদৌস (১৫) ও নিগার (১৩)।
আরআই/টিএ