© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অচেনা রূপে ফিরে এসে আলোচনার কেন্দ্রে গনজালো হিগুয়েইন

শেয়ার করুন:
অচেনা রূপে ফিরে এসে আলোচনার কেন্দ্রে গনজালো হিগুয়েইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৭ পিএম | ০৩ মে, ২০২৬
দীর্ঘদিন ধরেই ফুটবলের আলোচনার বাইরে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়েইন আবারও আলোচনায় এসেছেন। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং এক ভিন্ন চেহারায় প্রকাশ পাওয়া একটি ছবিই তাকে ফিরিয়ে এনেছে আলোচনার কেন্দ্রে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক সমর্থকের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। ঘন দাড়ি এবং একেবারে সাধারণ, নির্ভার উপস্থিতিতে সাবেক এই তারকাকে অনেকেই প্রথম দেখায় চিনতে পারেননি।

এমনকি কেউ কেউ সন্দেহ করেছিলেন, ছবিটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। তবে ছবিটি তোলা ভক্ত নিজেই এই সন্দেহ দূর করেছেন।

তিনি জানিয়েছেন, ‘এটি কোনো এআই নয়।’ তার ভাষ্য অনুযায়ী, হিগুয়েইন সম্পূর্ণ স্বাভাবিকভাবেই সেখানে ছিলেন এবং খুব সাধারণ পোশাক পরেছিলেন, যার কারণে আশপাশের অনেকেই তাকে চিনতে পারেননি।

এর আগেও চেহারার পরিবর্তনের কারণে আলোচনায় এসেছেন হিগুয়েইন। ক্যারিয়ারের শুরুতে কোঁকড়ানো চুলের তরুণ হিসেবে যাকে দেখা গিয়েছিল, সময়ের সঙ্গে তার চেহারায় এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক সময়ে ঘন দাড়ি ও নতুন স্টাইল তাকে আরও ভিন্ন রূপ দিয়েছে।

বর্তমানে পেশাদার ফুটবল থেকে অনেকটাই দূরে সময় কাটাচ্ছেন হিগুয়েইন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে খেলোয়াড় উন্নয়ন বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও এখন তিনি সেই কাঠামোর অংশ নন। মাঠের বাইরে নিরিবিলি জীবনই যেন এখন তার পরিচয় হয়ে উঠেছে।

ক্যারিয়ারে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন হিগুয়েইন। রিয়াল মাদ্রিদ, নাপোলি, এসি মিলান ও চেলসির মতো বড় ক্লাবেও খেলেছেন তিনি। তবে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে সহজ একটি সুযোগ নষ্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে, যা তার ক্যারিয়ারের গতিপথে বড় প্রভাব ফেলে।

২০২২ সালে ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আইকে/টিএ

মন্তব্য করুন