© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড্রেসিংরুমে ধূমপান, ডাগআউটে ফোন ব্যবহার : ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া বার্তা

শেয়ার করুন:
ড্রেসিংরুমে ধূমপান, ডাগআউটে ফোন ব্যবহার : ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ০৩ মে, ২০২৬
ভারতের আইনে ভেপিং (ইলেকট্রনিক সিগারেট) উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এবারের আইপিএলে ম্যাচ চলাকালীন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ ড্রেসিংরুমে প্রকাশ্যে ধূমপান করেছেন।
এর আগে আরেকটি বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন রাজস্থানের ব্যবস্থাপক রমি বিন্দার। ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে স্মার্টফোন ব্যবহার করতে দেখা গেছে তাকে।

অথচ অনলাইন জুয়ায় জড়ানো কিংবা বাজিকরদের সঙ্গে ম্যাচ সংশ্লিষ্টরা যেন কোনোভাবে যোগাযোগ করতে না পারেন, সে জন্য খেলা চলার সময় যেকোনো ধরনের মুঠোফোন ব্যবহারে বিধি-নিষেধ আছে। কিন্তু রমি বিন্দার যেন সেটি ভুলে গিয়েছিলেন।

নিয়ম ভঙ্গের দায়ে অবশ্য পরাগ-রমি দুজনকেই শাস্তি পেতে হয়েছে। পরাগের ম্যাচ ফির ২৫% কেটে নেওয়া হয়েছে; সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আর রমিকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

তবে ভবিষ্যতে খেলা চলাকালীন যেন এমন বিতর্কিত ঘটনা না ঘটে, তাই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি আরো কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘যেসব দল নিয়ম মানছে না, তাদের নিয়ন্ত্রণে আনতে আমরা আরো কিছু উপায় খুঁজছি। অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

আইপিএলের নিয়ম-কানুন খতিয়ে দেখা হচ্ছে। দলগুলো কেমন আচরণ করছে, সেটাও দেখা হচ্ছে।’ সাইকিয়া আরো বলেছেন, ‘শুধু খেলোয়াড় বা কর্মকর্তা নয়, পুরো দলকেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, যেন আইপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। এটা নিশ্চিত করতেই আমরা ব্যবস্থা নেব।’

তবে রাজস্থান রয়্যালসকে ঠিক কী ধরনের নতুন শাস্তি দেওয়া হবে, তা স্পষ্ট করেননি সাইকিয়া। রিয়ান পরাগের ঘটনায় আইনি কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নে সাইকিয়ার উত্তর, ‘এ ব্যাপারে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে (আমাদের সঙ্গে) যোগাযোগ করা হয়নি।’

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত পাঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচে ড্রেসিংরুমে বসে ধূমপান করেন পরাগ। দলীয় শৃঙ্খলার ঘাটতি নিয়ে রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘বিষয়গুলো বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি মিলে সমাধান করেছে। আমরা সব সময় দলে ইতিবাচক ও সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।’

এবি/টিএ


মন্তব্য করুন