© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউ

শেয়ার করুন:
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ এএম | ০৪ মে, ২০২৬
ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগেই ২ গোলের লিড। রেড ডেভিলদের উল্লাসে ওল্ড ট্রাফোর্ডে তখন কান পাতা দায়। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট প্রায় মুঠোয় পুরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ জুড়েই কাউন্টার অ্যাটাকে লিভারপুলকে নাস্তানাবুদ করল রেড ডেভিলরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন। দিয়ালো ও লামেন্সের ভুলে সমতায় ফিরল লিভারপুল। ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে। নাটকীয়তার তখনও বাকি, ডি-বক্সের বাইরে বল পেয়ে কবি মাইনু করলেন দুর্দান্ত এক গোল। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের।

রোববার (৩ মে) ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমার্ধে মাতিয়াস কুনিয়া ও বেনিয়ামিন সিসকোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ডমিনিক সবোস্লাই ও কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু ৭৭ মিনিটে কোবি মাইনুর দারুণ এক গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪, টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলা অ্যাস্টন ভিলারও ৫৮ পয়েন্ট। ৫২ পয়েন্ট নিয়ে ছয়ে বোর্নমাউথ।

এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত হয়েছে ম্যান ইউনাইটেডের। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল প্রতিযোগিতাটিতে সুযোগ পাবে। এই জয়ে অন্তত পঞ্চম হওয়া নিশ্চিত হয়েছে মাইকেল ক্যারিকের দলের। ছয়ে থাকা বোর্নমাউথ বাকি ৩ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৬১।

ইউনাইটেডের মাঠে বল দখলে লিভারপুল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। লিভারপুল ৬১ শতাংশ বল পজেশন রেখে ১২টি শট নিয়েছে, যার ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ইউনাইটেড ১৭টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।

ষষ্ঠ মিনিটেই লিড পায় ইউনাইটেডের, তবে তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। কর্নারে দুটি প্রচেষ্টা আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেনি লিভারপুল। তৃতীয় প্রচেষ্টায় ফাঁকায় বল পেয়ে জোরাল শট কেন কুনিয়া, ম্যাক-অ্যালিস্টারের গায়ে লেগে বল দিক বদলে জালে জড়ায়।

গোলের পর চাপ ধরে রেখে খেলতে থাকে স্বাগতিকরা। ফলও পায়। ব্রুনো ফার্নান্দেসের হেড গোলরক্ষক উডম্যান ঠেকিয়ে দিলেও তা সিসকোর ঊরুতে লেগে জালে জড়ায়। ভিএআর দেখে গোলটি সিসকোর নামে দেন রেফারি।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচ ভিন্ন মোড় নেয়। ৪৭ মিনিটে ইউনাইটেডের মাঝমাঠের ভুলে গোল পায় লিভারপুল। দিয়ালোর ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন সবোস্লাই।

কিছুক্ষণ পরেই গোলরক্ষক লামেন্সের মারাত্মক ভুলে ফের গোল খায় ইউনাইটেড। ডি-বক্সের বাইরে কাসেমিরোকে পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন এই বেলজিয়ান। ছুটে এসে ম্যাক-অ্যালিস্টার বল ধরে পাস বাড়ান সবোস্লাইকে, তার পাস ধরে বল জালে পাঠান গাকপো।

হতাশ ইউনাইটেড শিবিরকে উল্লাসে মাতান মাইনু। ৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন তিনি। 

এসকে/এসএন

মন্তব্য করুন