© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখার কোনো শেষ নেই, সবাই প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করে: তাওহীদ হৃদয়

শেয়ার করুন:
শেখার কোনো শেষ নেই, সবাই প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করে: তাওহীদ হৃদয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ এএম | ০৪ মে, ২০২৬
নিউজিল্যান্ড সিরিজ শেষে এবার ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নজর দিয়েছেন জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়। এবারের আসরে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি। রোববার (৩ মে) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত উন্নতি, চ্যালেঞ্জ এবং ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ ক্রিকেটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিং অর্ডারে রদবদল হলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন হৃদয়। নিজের পারফরম্যান্স ও উন্নতির জায়গা নিয়ে তিনি বলেন, “শিক্ষার আসলে কোনো শেষ নেই। সবাই প্রত্যেকটা দিন কিছু না কিছু শেখার চেষ্টা করে, আমিও তাই করছি। উন্নতির যেসব জায়গা আছে, সেখানে প্রতিদিন কাজ করে যাচ্ছি।” ক্রিকেটের এই দীর্ঘ পথচলাকে তিনি এক নতুন শুরুর মানসিকতা নিয়ে দেখছেন, যেখানে প্রতিটি ম্যাচই তার জন্য নতুন শেখার সুযোগ।



ক্রিকেটে প্রত্যাশার চাপ সবসময়ই থাকে, তবে হৃদয় একে দেখছেন ইতিবাচকভাবে। তিনি বলেন, “চাপের কিছু নেই। সব জায়গাতেই কমবেশি চাপ থাকে। তবে চাপের ভেতর থেকে আপনি কতটা উপভোগ করবেন, দলকে কতটুকু দেবেন এবং নিজে কেমন পারফর্ম করবেন-এটাই একজন প্লেয়ার হিসেবে আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটুকু আমাদের নিতেই হবে।” চাপের মুখে ভেঙে না পড়ে নিজের সেরাটা দেওয়ার মানসিকতাই তাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে।

সাম্প্রতিক সময়ে গ্যালারিতে দর্শকদের উপস্থিতির ভাটা নিয়ে প্রশ্ন করা হলে হৃদয় বেশ সোজাসাপ্টা উত্তর দেন। তিনি বলেন, “আগে ক্রিকেটে যে ক্রেজ বা উন্মাদনা ছিল, এখন আমার কাছে মনে হয় সেটা কিছুটা হলেও কমেছে। হয়তো আমি ভুলও হতে পারি, তবে এই কমার পেছনে আমাদেরই দায় আছে। আমরা টিম হিসেবে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছি না বলেই হয়তো দর্শকদের আগ্রহ কিছুটা কমছে।”

সাদা বলের ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার এখন মোহামেডানের জার্সিতে ডিপিএলে বড় ইনিংস খেলতে মুখিয়ে আছেন। জাতীয় দলের ফর্ম ঘরোয়া লিগেও টেনে নিয়ে যেতে চান তিনি। সমর্থকদের প্রত্যাশা, মোহামেডানের হয়ে হৃদয়ের এই নতুন ইনিংস ঘরোয়া ক্রিকেটে আবারও দর্শকদের ফিরিয়ে আনবে।

আরআই/টিএ

মন্তব্য করুন