'আদাবরে জীবনে গিয়েছি বলে মনে পড়ে না', মামলা নিয়ে সাকিব
ছবি: সংগৃহীত
১১:১৬ এএম | ০৪ মে, ২০২৬
২০২৪ সালের ২৪ আগস্ট। সরকার পতনের তখন এক মাসও হয়নি। পোশাক শ্রমিক মো. রুবেল হ'ত্যার ঘটনায় মামলা হয়, যেখানে আসামী করা হয় ১৫৬ জনকে। এর মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। যদিও সাকিব দাবি করেছেন, তিনি জীবনেও কখনও আদাবর গিয়েছেন বলে মনে পড়ে না তার।
সাকিবের নামে করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক কিনা, এ নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। এবার সাকিবও এ নিয়ে মুখ খুললেন।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'তদন্ত করে দোষ প্রমাণিত হলে অ্যাকশন নিন। তদন্তে কিছু না পেলে ক্লিয়ারেন্স দিন, রিলিজ দিন। আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে রিশিডিউল করে আমি কালকেই এটা জমা দিয়ে দিলে পরশুদিন ওরা মামলা তুলে নেবে! হত্যা মামলাটিও এখন সাধারণ অবস্থায় আছে।'

যে থানায় মামলা, সেই এলাকাতেই কখনও যাননি জানিয়ে সাকিব বলেন, 'যেখানকার ঘটনায় মামলা, সেই আদাবরে তো জীবনেও গিয়েছি বলে মনে পড়ে না। আমার সম্পৃক্ততা যদি না থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারে যে, এটাতে তার যোগসূত্র নাই। এটার জন্য কতদিন লাগতে পারে? দুই বছর হতে চলেছে!'
'আমার যেসব মামলা, দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি। কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।'
সাকিব সরকার পতনের পর আর দেশে আসেননি। তবে জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে এসেই এসব মামলা-মোকাদ্দমা মোকাবেলা করবেন।
তিনি জানান, 'আমি দেশে ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে! এতটুক তো আশা করতেই পারি। আমি বলছি না যে, নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের চারটা গাড়ি সামনে থাকবে। ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না। ব্যাস, এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতে পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি।'
এমআই/এসএন