রিয়ালের কোচ হতে একাধিকবার ডাক পেয়েছিলেন জিদান
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ০৪ মে, ২০২৬
জিনেদিন জিদান দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন। এখনও তিনি দলটির কোচের পদে থাকতে পারতেন, যদি না তৃতীয় দফায় দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখান না করতেন।
রিয়ালের কোচ হিসেবে গত ডিসেম্বরে জায়গা নড়বড়ে হয়ে যায় শাবি আলোনসোর। এএস বলছে, তখনই জিদানের নাম সামনে আসে। শাবিকে বরখাস্ত করার আগে ক্লাব কর্তৃপক্ষ জিদানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। এমনকি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি তার সঙ্গে কথা বলেন। কিন্তু জিদান প্রস্তাব প্রত্যাখান করে দেন।
আলোনসোকে বরখাস্তের সময় রিয়ালের দায়িত্ব সামলাতে শুরু করেন বি দলের কোচ আলভারো আরবেলোয়া। এখন স্থায়ীভাবেই কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। এই দায়িত্বে জিদানের আসতে না চাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে ফ্রান্সের কথা। তখন নাকি তিনি এমবাপ্পেদের কোচ হওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়লে জিদান সেই পদে বসতে পারেন।
দুই দফায় রিয়ালে কাজ করা জিদান শেষবার ২০২১ সালে কোচের পদ ছাড়েন। বিদায়টা খুব সুখকর ছিল না, তবে সময়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। ২০২২ সালের শেষদিকে করিম বেনজেমার ব্যালন ডি’অর গ্রহণ অনুষ্ঠানে একটি প্রতীকী পুনর্মিলন ঘটে, যা তাদের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করে। এরপর থেকে বড় ম্যাচগুলোতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানকে প্রায়ই দেখা গেছে। তবে সবসময় পরিবারের সঙ্গে ব্যক্তিগত বক্সে বসে। সেখান থেকেই তিনি তার সবচেয়ে প্রিয় ক্লাবকে সমর্থন করেছেন।
জিদান এখন পর্যন্ত শুধু রিয়াল মাদ্রিদেই কোচিং করিয়েছেন। শুরু করেছিলেন কাস্তিয়া (বি দল) দিয়ে, এরপর মূল দলের কোচ হন।
রিয়ালের হয়ে তিনি জিতেছেন ১১টি ট্রফি, যার মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগার শিরোপা রয়েছে।
আইআর/টিএ