© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিরেই রেকর্ড জয়ের নায়ক রোহিত

শেয়ার করুন:
ফিরেই রেকর্ড জয়ের নায়ক রোহিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ০৫ মে, ২০২৬
নিকোলাস পুরান ফর্মে ফিরলেন। ২১ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২৮ রানের ইনিংসের ভিত এই ক্যারিবিয়ান গড়ে দিয়ে যান। কিন্তু পেসারদের জন্য প্রতিকূল পিচে বোলারদের লাগাতার ভুল লেংথের মাশুল দিতে হয়েছে। রোহিত শর্মা ও রায়ান রিকেলটন মাত্র ৬৫ বলে ১৪৩ রানের জুটি গড়ে ম্যাচটি একপেশে বানিয়ে ফেলেন।

মুম্বাই আট বল আগেই ছয় উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। এই মৌসুমে ওয়াংখেড়ে এটি তাদের প্রথম জয়। আর ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ তাড়া করে জিতল পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে আইপিএলে যে কোনো দলের এটা ষষ্ঠ সর্বোচ্চ রান তাড়া করে জয়।

রোহিত ও রিকেলটনের জুটিকে জয়ের বড় কারণ হিসেবে ধরলেও মাঝের (১২-১৫) ও ডেথে (১৭-২০) বোলারদের অবদানকে ছোট করে দেখা যাবে না। এই সাত ওভারে জসপ্রীত বুমরাহ, রাঘু শর্মা ও দীপক চাহার দুটি করে এবং গজনফার একটি ওভার করে মাত্র ৪২ রান দেন, যা প্রায় ৪৬০ রানের ম্যাচে বেশ বড় পার্থক্য গড়ে দেয়।

তবে পাঁচ ম্যাচ পর রোহিত ফিরে আলোচনায় এসেছেন। ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন তিনি। দলের বিপদসঙ্কুল পরিস্থিতিতে হাল ধরলেন সাবেক অধিনায়ক। ৪৪ বলে ৬ চার ও ৭ ছয়ে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত। তার চেয়ে একটি কম রান করেছেন রিকেলটন। তবে দক্ষিণ আফ্রিকান ব্যাটারের স্ট্রাইক রেট (২৫৯.৩৭) ছিল তাক লাগানো। ৩২ বলে ৬ চার ও ৮ ছয়ে ৮৩ রান করেন তিনি। শেষ দিকে নামান ধীর ও উইল জ্যাকসের যথাক্রমে ১২ বলে ২৩ ও ৪ বলে ১০ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৯তম ওভারে ম্যাচ জেতে মুম্বাই।

তিন ম্যাচ পর চলতি মৌসুমের তৃতীয় জয় পেয়েছে মুম্বাই। তাতে অবশ্য আগের অবস্থান থেকে সরতে পারেনি তারা। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে দলটি।

এবি/টিএ

মন্তব্য করুন