ইতিহাস গড়বে অ্যাতলেটিকো, বিশ্বাস গ্রিজম্যানের
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ০৫ মে, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০১৬ সালের পর প্রথমবার ফাইনালে খেলার লক্ষ্য তাদের। ১০ বছর আগে টাইব্রেকারে হৃদয়ভাঙার স্মৃতি যেন এখনো তরতাজা। সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি যেন আর না হয়, সেই সংকল্প মাদ্রিদ ক্লাবের। তার আগে পার হতে হবে আর্সেনাল বাধা, যা টপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আন্তোয়ান গ্রিজম্যান এবং গড়তে চান ইতিহাস।
মেত্রোপলিতানোতে গত বুধবার আর্সেনালের সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল অ্যাতলেটিকো। আজ (মঙ্গলবার) রাতে তারা এমিরেটস স্টেডিয়ামে খেলবে এবং জিততে পারলে ফাইনালে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখকে পাবে।
ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না গ্রিজম্যান। ২০১৬ সালের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করতে চান তিনি। টাইব্রেকারে এই ফরোয়ার্ড জালের দেখা পেলেও তাকে হারের দুঃখ পেতে হয়েছিল।

অবশ্য চলতি মৌসুমের মাঝপথে হুট করে একটি সিদ্ধান্ত নিলে এই সুযোগ পেতেন না গ্রিজম্যান। মেজর লিগ সকারের এই মৌসুমে অরল্যান্ডো সিটিতে যোগ দিতে যাওয়া ফরাসি ফরোয়ার্ড লা লিগা মৌসুমের মাঝপথে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। কেন যাননি সেটা ব্যাখ্যা করেছেন তিনি।
গত মার্চের এমএলএস ট্রান্সফার উইন্ডোতে অরল্যান্ডো সঙ্গে চুক্তির সিদ্ধান্ত না নিয়ে কী স্বস্তি পেয়েছেন, এমন প্রশ্নে গ্রিজম্যান বললেন, ‘আমি সবসময় নিজেকে নিয়ে স্পষ্ট ছিলাম, আমার লক্ষ্য ছিল এখানে থাকা। কারণ আমরা দারুণ কিছু করতে পারি, এটা জানতাম।’
তিনি যোগ করলেন, ‘আমার কোনো সন্দেহ ছিল না। আমার মনে হচ্ছিল আরেকটি ঐতিহাসিক কিছু করার এবং আরেকটি ফাইনাল জেতার সুযোগ আসবে। দলও জানতো এটা।’
ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপ ও অ্যাতলেটিকোর জার্সিতে ইউরোপা লিগ জিতলেও কখনো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছুঁতে পারেননি গ্রিজম্যান। আগের ফাইনালের সময় তিনি অত্যধিক মানসিক চাপে থাকার স্বীকার করেছেন। ফ্রান্সের ফরোয়ার্ড বললেন, ‘ওই বছর ছিল একেবারে ভিন্ন, আমি অনেক মানসিক চাপে ছিলাম। সবকিছু দ্রুত হচ্ছিল, জানতাম না কীভাবে ধীরস্থির হতে হয়। এখন আমি অনেক শান্ত। ম্যাচগুলো খেলছি বেশ ফুরফুরে মেজাজে এবং অনেক আনন্দ নি য়ে।’
ফাইনালে খেলার সুযোগ যে বেশি আসে না এবং যখন এসেছে, তখন সেটা হাতছাড়া না করার পক্ষে গ্রিজম্যান, ‘আপনি মনে করতে পারে, এই মুহূর্তগুলো ফিরে আসবে, কিন্তু আসে না। সবাই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলার সুযোগ পায় না এবং আমরা ইতিহাস গড়তে পারি।’
প্রত্যেকবারের মতো গ্রিজম্যান এবারো শিরোপা হাতে নেওয়ার স্বপ্ন দেখেছেন শুরু থেকে, ‘যখনই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়, তখনই আপনি নিজেকে ট্রফি হাতে তুলে নিতে দেখেন। প্রত্যেক দল, প্রত্যেক খেলোয়াড়, এমনকি নিজের শোবার ঘরে থাকা শিশুও (এই স্বপ্ন দেখে)। আমরাও দেখি, আর দুটি ম্যাচ দূরে আমরা।’
এমআর/এসএন