পাওনা টাকা চেয়ে সিলেটের ওপর ক্ষোভ ঝাড়লেন নাসুম
ছবি: সংগৃহীত
০৩:৫২ পিএম | ০৫ মে, ২০২৬
পাওনা টাকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন নাসুম আহমেদ। সিলেট টাইটান্স–এর বিরুদ্ধে তার অভিযোগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে খেলেও তিনি এখনো প্রাপ্য টাকা পাননি। যদিও ক্লাবটির পক্ষ থেকে পরে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, নাসুম নিজেই নাকি চেক আটকে রাখার কারণে অর্থ গ্রহণে বিলম্ব হয়েছে।
এবার বিষয়টি আরও জোরালোভাবে সামনে এনেছেন নাসুম আহমেদ। ফেসবুকে একটি পোস্টে ভিডিও ও ভয়েস রেকর্ডিং যুক্ত করে তিনি তার পাওনা অর্থ দাবি করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আংশিক পরিশোধ হিসেবে ৩৫ লাখ টাকা পেলেও সরাসরি চুক্তির বাকি অর্থ এখনও পরিশোধ করা হয়নি।
ফেসবুক পোস্টে নাসুম লিখেছেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’

নাসুম আরও লিখেছেন, ‘ফাহিম (আল চৌধুরী, সিলেট টাইটান্সের উপদেষ্টা) ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন- আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন- সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম। ভাই, আমার টাকাগুলো যেন পাই- এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন। গত বিপিএলে আমার পারফরম্যান্স- ১২ ম্যাচে ১৮ উইকেট, ইকোনমি ৫.৯৭। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম, সেরা বোলিং ৫/৭।’
টিজে/ টিকে