ঈদযাত্রা: কোনদিন মিলবে কোন তারিখের টিকিট
ছবি: সংগৃহীত
০৯:৫৮ এএম | ০৬ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইটে টিকিট কেনা যাবে। এ সময় একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত (রিফান্ড) নেয়া হবে না।
এদিকে ঈদ উপলক্ষে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর পরিচালিত হবে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন।
রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে।
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওইদিন ৩১ মের ফিরতি টিকিট বিক্রি হবে। এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ মে একাধারে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
এবারও প্রতিদিন সকাল আটটা থেকে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা দুইটায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
এবারও যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে যাতায়াত করা যাবে না।
৫ জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ‘চাঁদপুর স্পেশাল’। এ দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে। এ ছাড়া ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ চলবে। অন্য ট্রেনগুলো ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহর উদ্দেশে যাত্রী পরিবহন করবে।
কেএন/এসএন