প্রেসিডেন্ট হতে চান রিয়াল কিংবদন্তি রামোস!
ছবি: সংগৃহীত
১০:৫৪ এএম | ০৬ মে, ২০২৬
রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে ঘিরে নতুন করে আলোচনায় ফুটবল বিশ্ব। এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং নিজের শৈশবের ক্লাব সেভিয়ার ভবিষ্যৎ নিয়েই বড় পরিকল্পনা করছেন সাবেক এই ডিফেন্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, সেভিয়ার মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন রামোস। বিনিয়োগ প্রতিষ্ঠান ফাইভ ইলেভেন ক্যাপিটালের সহায়তায় একটি কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
লক্ষ্য, সংকটে থাকা ক্লাবটিকে নতুনভাবে গড়ে তোলা।
সাবেক সেভিয়া স্পোর্টিং ডিরেক্টর মনচি জানিয়েছেন, রামোস শুধু প্রতীকী কোনো পদ চান না; বরং ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে থাকতে চান।
এক পডকাস্টে মনচি বলেন, ‘সে সভাপতি হবে কি না জানি না, তবে ক্লাবের ভবিষ্যৎ সিদ্ধান্তের কেন্দ্রে থাকতে চায়।’

বর্তমানে সেভিয়া ভয়াবহ সময় পার করছে।
লা লিগায় অবনমনের শঙ্কায় থাকা দলটি পয়েন্ট তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছে। সমর্থকরাও ক্লাবের বর্তমান পরিস্থিতিতে হতাশ।
এদিকে মেক্সিকান ক্লাব মনতেরে ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন রামোস। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এই বিষয়ে বড় খবর আসতে পারে।
সব মিলিয়ে, যদি এই মালিকানা পরিবর্তন সফল হয়, তাহলে খেলোয়াড়ি জীবনের পর এবার প্রশাসনিক ভূমিকায় নতুন অধ্যায় শুরু করতে পারেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ডিফেন্ডার।
এসকে/এসএন