© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে মিরপুর স্টেডিয়ামে যাচ্ছেন হামজা চৌধুরী

শেয়ার করুন:
ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে মিরপুর স্টেডিয়ামে যাচ্ছেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ০৬ মে, ২০২৬
গত মঙ্গলবার (৪ মে) আকস্মিক সফরে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটিতে খেলা জাতীয় দলের এই তারকার এবারের সফল কোনো ফুটবল সংক্রান্ত ব্যাপারে নয়, বরং ব্যক্তিগত কাজেই কিছুদিন ঢাকায় অবস্থান করবেন তিনি। এরই ফাঁকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন হামজা।

বুধবার (৬ মে) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যাবেন হামজা চৌধুরী। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি। ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার এদিন ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

জানা গেছে, আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে মাঠে যাবেন হামজা।



ক্লাব ফুটবলে হামজা চৌধুরির সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছে না। সদ্যই তার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে অবনমিত হয়েছে। লিগ শেষে আপাতত অবসর কাটাচ্ছেন এই ২৮ বছর বয়সী।

তবে জাতীয় দলের হয়ে শিগগিরই হামজার ব্যস্ততা শুরু হবে। জুনের শুরুতেই প্রথমবারের মতো ম্যাচ খেলতে ইউরোপ সফরে যাবে বাংলাদেশ। আগামী ৫ জুন সান ম্যারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পুরুষ দলের ইতিহাসে এটিই হবে কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এদিকে, ক্রিকেট দল পার করছে মহাব্যস্ত সময়। সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্টের চ্যালেঞ্জ।
আগামী শুক্রবার (৮ মে) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে।

এসকে/এসএন

মন্তব্য করুন