© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে সূর্যবংশীর অংশগ্রহণকে ‘শিশুশ্রম’ বলে দাবি, মামলার হুমকি সমাজকর্মীর

শেয়ার করুন:
আইপিএলে সূর্যবংশীর অংশগ্রহণকে ‘শিশুশ্রম’ বলে দাবি, মামলার হুমকি সমাজকর্মীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ পিএম | ০৬ মে, ২০২৬
ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলে সবার নজর কাড়া ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবার মাঠের বাইরের এক অদ্ভূত বিতর্কে আলোচনায়। রাজস্থান রয়্যালসের এই তরুণ ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পাশাপাশি এবার উঠেছে ‘শিশুশ্রম’ অভিযোগও, এমনকি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছেন এক সমাজকর্মী। সূর্যবংশীর পেশাদার ক্রিকেটে অংশগ্রহণকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্কে ইতোমধ্যেই তোলপাড় ক্রিকেট মহল।

সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক একটি ভাইরাল ভিডিওতে অভিযোগ করেছেন, এত কম বয়সে পেশাদার ক্রিকেটে অংশ নিয়ে সূর্যবংশীকে ‘শোষণ’ করা হচ্ছে।


 
তিনি বলেন, ‘এই ১৫ বছরের ছেলে বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে এখনও শিশু, তার পড়াশোনায় থাকা উচিত। তাকে আইপিএলের মতো বড় আসরে খেলানো শিশুশ্রমের সমান।’
 
নায়েক আরও দাবি করেন, এত অল্প বয়সে পেশাদার ক্রিকেটে অংশ নেওয়া শিশু অধিকার ও শ্রম আইনের লঙ্ঘন হতে পারে। তিনি জানান, তিনি রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বা আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।
 
তার ভাষায়, ‘এটা খুব খারাপ নজির তৈরি করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি ব্যবস্থা নেব। এই বয়সে তার স্কুলে যাওয়া উচিত, ক্রিকেট খেলা নয়।’
 
তবে মাঠের পারফরম্যান্সে সূর্যবংশী ইতোমধ্যেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০২৫ সালের এপ্রিল মাসে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেকের পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়ছে এ বিস্ময় বালক।
 
আইপিএল ২০২৫ ও ২০২৬ মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে তার সংগ্রহ ৬৫৬ রান, গড় ৩৮.৫৯ এবং অবিশ্বাস্য স্ট্রাইক রেট ২২৪.৬৬। এর মধ্যে রয়েছে দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।
 
২০২৫ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সূর্যবংশী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়। সেই ইনিংসটি আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক হিসেবেও রেকর্ড গড়ে। চলমান আসরে সূর্যবংশী ৩৭ বলে ১০৩ রানের আরেকটি সেঞ্চুরি করে নিজের ধারাবাহিকতা বজায় রাখে, প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ।
 
এছাড়া ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখে সূর্যবংশী। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এ কিশোর। ঘরোয়া ক্রিকেটেও তার দাপট অব্যাহত রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডের পাশাপাশি বিহারের হয়ে দ্রুততম ১৫০ রানের ইনিংসের রেকর্ডও তার দখলে।
 
একদিকে যেমন তার বয়স ও অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, অন্যদিকে বৈভব সূর্যবংশীর ব্যাটিং পারফরম্যান্স তাকে ভবিষ্যৎ ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজনে পরিণত করেছে।

আরআই/টিএ

মন্তব্য করুন