© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছুটি দেওয়া হয়েছিল সুস্থতার জন্য, এমবাপে ঘুরছেন বান্ধবী নিয়ে

শেয়ার করুন:
ছুটি দেওয়া হয়েছিল সুস্থতার জন্য, এমবাপে ঘুরছেন বান্ধবী নিয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ পিএম | ০৬ মে, ২০২৬
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে একশ ম্যাচে ৮৫ গোল করেছেন কিলিয়ান এমবাপে। তা সত্ত্বেও লস ব্লাঙ্কোসদের টানা দ্বিতীয় মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতছাড়া হয়েছে। ৩৬টি লিগ শিরোপা এবং ১৫টি ইউরোপিয়ান কাপ জেতা একটি জায়ান্ট ক্লাবের সমর্থকদের মাঝে তাই বিদ্রোহী সুর। তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিষয়টি। এরজন্য অবশ্য দলের সিনিয়রদের দায়ী করছেন কেউ কেউ।

সমর্থকদের বাড়তে থাকা ক্ষোভ এবং ড্রেসিংরুমের অস্থিরতার গুঞ্জনের মাঝেই বান্ধবীকে নিয়ে সুখকর সময় কাটাচ্ছেন এমবাপে। এ ঘটনা নিয়েই ভক্ত সমথর্কদের ক্ষোভ বেড়ে হয়েছে দ্বিগুণ।

এমবাপে বর্তমানে হ্যামস্ট্রিং চোটে। এপ্রিলের শেষ দিকে রিয়াল বেটিসের বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। ফলে রবিবারের এল ক্লাসিকোতে তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। লা লিগায় শীর্ষস্থানে থাকা বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি অনেকটা ডু অর ডাই। এই ম্যাচে জিতলেই কাতালানদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তাই টানা দ্বিতীয় শিরোপা জেতা থেকে আটকাতে হলে লস ব্লাঙ্কোসদের এই ম্যাচটি জিততেই হবে।



সাধারণত এটিই মূল আলোচনার বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু এর বদলে মাঠের বাইরের ঘটনা বেশি আলোচনা হচ্ছে। ফ্রান্স ফরোয়ার্ডকে গত সপ্তাহে ছুটি দেওয়া হয়েছিল সুস্থতার জন্য, নিজেকে রিদমে ফিরে পাওয়ার জন্য। অথচ তিনি এই সময়ে সার্দিনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। সময়টা ঠিক না হওয়ায় রিয়ালের সমর্থকরা এই সফরটিকে ভালোভাবে নেননি। এমবাপের ইয়টে কাটানো ছবিগুলো এমন সময় সামনে আসে, যখন রিয়াল এস্পানিওলের বিপক্ষে খেলছিল।

যদিও হেড কোচ আলভারো আরবেলোয়া তাঁর শিষ্যের পক্ষেই কথা বলেছেন। তার মতে—অন্য যেকোনো খেলোয়াড়ের মতো এমবাপেও তার অবসর সময়ে যা খুশি করতে পারেন।
তবে সমর্থকরা বিষয়টি বেশ জটিল করে তুলেছেন। তারা ফ্রান্স তারকাকে ক্লাব থেকে বের করে দেওয়ার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে 'এমবাপে আউট' হ্যাশট্যাগে একটি অনলাইন পিটিশন চালু করেন।

পিটিশনটিতে ২ লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা রাখা হলেও ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ এতে স্বাক্ষর করেন। এমন পরিস্থিতিতে তারকা ফুটবলারদের ওপর চাপ অনেক বেড়েছে। আর এমবাপে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও এখন ব্যাপক সমালোচনার মুখে। তাঁর দায়িত্ববোধ নিয়ে প্রশ্নের পাশাপাশি ড্রেসিংরুমে উত্তেজনা ও ভেতরে ভেতরে ক্ষোভ জমে থাকার কথাও বলা হচ্ছে।

স্পেনের সংবাদমাধ্যমগুলো কেবল এমবাপের মাঠের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের আচরণ নিয়েও প্রশ্ন তুলছে। সার্দিনিয়ার সফরটিকে তারা কোনো অপরাধের চেয়ে সময়ের ভুল ব্যবহার হিসেবেই বেশি তুলে ধরেছে।

মতের ভিন্নতা থাকলেও সার্বিকভাবে স্প্যানিশ গণমাধ্যমের সুর এখনও সমালোচনামূলক। কেউ কেউ এমবাপের পরিসংখ্যান ও ম্যাচ জেতানোর যোগ্যতার পক্ষে কথা বললেও, অন্য অনেকে কঠিন মৌসুমে তাঁর নেতৃত্ব ও সামগ্রিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।

সংবাদমাধ্যমের বিশ্লেষকদের মতে, হতাশাজনক এই মৌসুমের পর দলের আত্মবিশ্বাস ও ঐক্য ফিরিয়ে আনতে সঠিক কোচের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের বক্তব্যের মূল বার্তাটি স্পষ্ট-  ক্লাব এবং এর সমর্থকদের জন্য আরেকটি শিরোপাহীন মৌসুম মেনে নেওয়া অসম্ভব।

আইকে/টিএ

মন্তব্য করুন