© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান তারকার

শেয়ার করুন:
মাত্র ৩০ বছর বয়সেই অবসরের ঘোষণা জার্মান তারকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ০৭ মে, ২০২৬
বয়স মোটে ৩০। আরও কয়েক বছর হয়ত ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতে পারতেন নিকলাস সুলে। কিন্তু চোট জর্জরিত পা জোড়াকে এবার বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই জার্মান ডিফেন্ডার। সুলে নিশ্চিত করেছেন, চলমান মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন তিনি। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেই ক্যারিয়ারের ইতি টানবেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পিলমাখার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জুলে জানান, কিছুদিন ধরেই তিনি বিষয়টি নিয়ে ভাবছিলেন। তবে এপ্রিলের মাঝামাঝি হফেনহাইমের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। তখন তার মনে হয়েছিল, হয়তো তৃতীয়বারের মতো ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে।

সুলে বলেন, ‘হফেনহাইমের ড্রেসিংরুমে যখন ডাক্তার ‘ড্রয়ার টেস্ট’ করছিলেন, তিনি ফিজিওর দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ফিজিও-ও একইভাবে কোনো প্রতিরোধ অনুভব করেননি। তখন আমি শাওয়ারে গিয়ে ১০ মিনিট কেঁদেছিলাম। সেই মুহূর্তে আমার সত্যিই মনে হয়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পরের দিন এমআরআই করানোর পর যখন জানলাম এটি ক্রুসিয়েট লিগামেন্ট ছেঁড়া নয়, তখন শতভাগ নিশ্চিত হয়ে গেলাম; এখানেই শেষ। এর চেয়ে খারাপ কিছু কল্পনাও করতে পারিনি। আমি তখন ইতোমধ্যে ফুটবলের পরের জীবন নিয়ে ভাবছিলাম; স্বাধীনভাবে থাকা, ছুটিতে যাওয়া, সন্তানদের সঙ্গে সময় কাটানো। তারপর আবার তৃতীয়বারের মতো এমন চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা ভাবতেই পারছিলাম না।’

জার্মানির হয়ে ৪৯ ম্যাচ খেলা জুলে বুন্দেসলিগাতে মোট ২৯৯টি ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে হফেনহাইম, বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন বুন্দেসলিগার শিরোপা এবং ২০২০ সালে বায়ার্নের ঐতিহাসিক ট্রেবলজয়ী দলেরও সদস্য ছিলেন।

১৭ বছর বয়সে সিনিয়র অভিষেকের পর থেকেই চোট সুলের ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আগের দুবার এসিএল ইনজুরি ও পরবর্তী ফিটনেস সমস্যার কারণে বড়সড় গড়নের এই সেন্টার-ব্যাককে বারবার লড়াই করতে হয়েছে।

ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বুধবার (৬ মে) জানিয়েছেন, বৃহস্পতিবারের শেষ অনুশীলনে দেখে নেওয়া হবে সুলে পরদিন রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচে খেলার মতো ফিট আছেন কি না।
যদি তিনি মাঠে নামেন, তাহলে সেটিই হবে বুন্দেসলিগায় তার ৩০০তম ম্যাচ।

টিকে/

মন্তব্য করুন