© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না কামিন্স-স্টার্ক-হ্যাজলউড!

শেয়ার করুন:
আইপিএলের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না কামিন্স-স্টার্ক-হ্যাজলউড!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ০৭ মে, ২০২৬
আইপিএল ২০২৬-এর প্লে-অফের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার তারকা পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে নাও দেখা যেতে পারে।

মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩০ মে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচের পর ২ ও ৪ জুন লাহোরে হবে শেষ দুই ওয়ানডে। কিন্তু একই সময়ে চলবে আইপিএলের প্লে-অফ, যা শেষ হবে ৩১ মে। ফলে প্লে-অফে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাওয়া কঠিন হয়ে পড়েছে।



বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। জশ হ্যাজলউডের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে তিন নম্বরে। অন্যদিকে মিচেল স্টার্কের দিল্লি ক্যাপিটালস এখনও প্লে-অফ দৌড়ে টিকে আছে। তাই এই তিন পেসারের পাকিস্তান সফরে না যাওয়ার সম্ভাবনাই বেশি।

শুধু আইপিএল নয়, সামনে অস্ট্রেলিয়ার টানা ব্যস্ত আন্তর্জাতিক সূচিও ভাবাচ্ছে দল পরিচালনাকে। আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার রয়েছে প্রায় ২০টি টেস্ট ম্যাচ। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে শুরু হবে সেই ব্যস্ততা। এজন্য কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে অতিরিক্ত চাপ থেকে দূরে রাখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিশেষ করে চোট থেকে ফিরে আইপিএলে যোগ দিয়েছেন এই তিন পেসার। তাই নির্বাচক ও মেডিকেল স্টাফ তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না বলেই জানা গেছে।

২০২৩ বিশ্বকাপ জয়ের পর খুব কম সাদা বলের ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি। পাকিস্তান সফর মিস করলে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরই হতে পারে তার পরবর্তী ওয়ানডে সিরিজ।

পেস ত্রয়ী না থাকলে পাকিস্তান সফরে তুলনামূলক তরুণ দল পাঠাতে পারে অস্ট্রেলিয়া। তবে অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, মার্নাস লাবুশেন ও ম্যাট রেনশর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে দেখা যেতে পারে।

আরআই/টিকে

মন্তব্য করুন