বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন ৫ জন
ছবি: সংগৃহীত
০৬:৩১ পিএম | ০৭ মে, ২০২৬
২০২৫ বিপিএলে একাধিক দলের কয়েকজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ফিক্সিংয়ের উঠেছিল বেশ জোরালোভাবে। এরপর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই কমিটি তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে বিসিবিতে। পরবর্তীতে প্রতিবেদন তুলে দেওয়া হয় বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে।
এরপর তিনিও যাচাই-বাছাই করে কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। সে সময় তিনিও কারো নাম প্রকাশ করেননি।
অবশেষে জানা গেল, বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে শাস্তি পাচ্ছেন ৫ জন। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
২০২৫ বিপিএলে তামিম ছিলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের অধিনায়ক। স্বাভাবিকভাবেই ফিক্সিংয়ের ঘটনা এবং তদন্তের সময়ে তিনি বোর্ডে ছিলেন না। তবে দায়িত্ব পাওয়ার পরের ঘটনা জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘আমি প্রশ্ন করেছি, আমাদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে? আমি উত্তর পেয়েছি। আমি বলেছি কার্যকর করেন।’
ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তামিম। তাদেরকে বিভিন্ন মেয়াদে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হবে।
এসকে/টিকে