শিরোপা ছাড়াই অ্যাতলেটিকো ছাড়ছেন ফরাসি তারকা গ্রিজম্যান
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ০৭ মে, ২০২৬
ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান চলতি মৌসুম শেষে ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন। তার নতুন ক্লাব হবে অরল্যান্ডো সিটি। তবে এই বিদায়টা তার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়গুলোর একটি হতে চলেছে। কারণ অ্যাতলেটিকো মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ারের পরও তিনি বড় কোনো শিরোপা জিতে বিদায় নিতে পারছেন না।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিপক্ষে বিদায়ের ম্যাচে বুকায়ো সাকার গোল তার স্বপ্নভঙ্গ করে দেয়। হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালে বিদায় জানানোর আশা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। ফলে লা লিগার শেষ ম্যাচগুলোই এখন তার ক্লাব ক্যারিয়ারের শেষ অধ্যায়।

গ্রিজম্যান অ্যাতলেটিকোর হয়ে ৫০০-র বেশি ম্যাচ খেলেছেন এবং ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি ২১২ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং ৯৪টি অ্যাসিস্ট করে তৃতীয় স্থানে আছেন। তার ওপরে আছেন কোকে (১১১) ও এনরিক কোলার (১০১)।
শিরোপার দিক থেকে তিনি জিতেছেন একটি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি উয়েফা সুপার কাপ। তবে লা লিগা, কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ- কোনোটাই জিততে পারেননি ফরাসি এই তারকা।
এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ এমএলএস, যেখানে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে সম্ভাব্য মুখোমুখি হওয়াটা হতে পারে অন্যতম আকর্ষণীয় মুহূর্ত।
এমআর/টিকে