ভালভার্দে ও চুয়ামেনির আবারও ঝগড়া, এবার হাসপাতালে উরুগুইয়ান তারকা
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ০৭ মে, ২০২৬
গতকালের পর আজ আবার ঝগড়া বেধেছে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির। ঝগড়ার এক পর্যায়ে উরুগুইয়ান তারকার শরীরে জখম হয়, ফলে তাকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। খবর মার্কার।
মার্কা জানিয়েছে, আজ সকালে ভালভার্দে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এরপর পুরো অনুশীলনজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে। ভালভার্দের পক্ষ থেকে কঠোর ট্যাকল চলছিল, যা শেষ পর্যন্ত ফরাসি মিডফিল্ডার চুয়ামেনিকে ক্ষিপ্ত করে তোলে।
ট্রেনিং শেষে ড্রেসিংরুমে তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। ওই সময়ই ভালভার্দে চুয়ামেনির দ্বারা আঘাত পান ও তার শরীর কেটে যায়। যদিও বলা হচ্ছে চুয়ামেনি ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি।

ঘটনার গুরুত্ব এতটাই বেশি ছিল যে সংঘর্ষের কয়েক মিনিটের মধ্যেই ড্রেসিংরুমে জরুরি বৈঠক ডাকে রিয়াল মাদ্রিদ। সেখানে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ। তিনি দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই নজিরবিহীন সংকট বৈঠক শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় ট্রেনিং গ্রাউন্ড ছাড়েননি।
ক্লাবের লক্ষ্য হলো এই অভ্যন্তরীণ সমস্যা বন্ধ করা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ন্ত্রণে আনা, যা এখন ক্লাবের সর্বোচ্চ পর্যায়েও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে রিয়াল মাদ্রিদের পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ, দলে বিভাজন, স্নায়ুচাপ এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে।
এই দুই তারকা গতকালও বাদানুবাদে জড়িয়েছিলেন। ওই ঘটনাও অনুশীলন থেকে শুরু হয়। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। দুই খেলোয়াড় মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে ধাক্কা দেন এবং তীব্র তর্কে জড়িয়ে পড়েন। পরে ড্রেসিংরুমেও সেই ঝগড়া চলতে থাকে। ভ্যালদেবেবাসে এই অস্বস্তিকর ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে।পরে অন্যরা তাদের শান্ত করেন।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ঝামেলার আরেকটি খবর সামনে এসেছে। অ্যান্তোনিও রুডিগার নাকি গত ফেব্রুয়ারিতে আলভারো ক্যারেরাসকে চড় মেরেছিলেন। ক্যারেরাস পরে বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দেন। তার দাবি, ঝামেলা মিটমাট করা হয়ে গেছে। মার্কা বলছে অন্য কথা। রুডিগার ও ক্যারেরাসের বিষয়টিকে প্রকাশ্যে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে সবকিছু মিটে গেছে, কিন্তু দলের ভেতরের বাস্তবতা হলো চরম উত্তেজনা।
এমআর/টিকে