আইসিসির মাসসেরার দৌড়ে নাহিদ রানা
ছবি: সংগৃহীত
০৩:২৪ এএম | ০৯ মে, ২০২৬
ক্রিকেটের বাইশ গজে গতির ঝড় তুলে আলোচনায় উঠে এসেছেন টাইগার তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে আগুনঝরা বোলিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। দুর্দান্ত সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নের তালিকায়।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ক্রিকেটারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নাহিদ। তিন ম্যাচে তুলে নেন মোট ৮ উইকেট। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আগুনঝরা বোলিংয়ে ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করে কিউই ব্যাটিং লাইনআপকে একাই ভেঙে দেন এই ডানহাতি পেসার। এছাড়া সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে নেন যথাক্রমে ১ ও ২টি উইকেট।
নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। পুরো সিরিজে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কারও ওঠে এই তরুণ পেসারের হাতে। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।
ওমানের অধিনায়ক ও ওপেনার জাতিন্দর সিং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এ ছিলেন দুর্দান্ত ছন্দে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে আসে ২৬৬ রান। ৫৩.২০ গড়ে ব্যাট করা এই ডানহাতি ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১১৫-এরও বেশি। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৫১ রানের কার্যকর ইনিংস। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়ায় নেপালের বিপক্ষে তার ৯৬ বলে ১৩০ রানের বিস্ফোরক ইনিংস, যা কীর্তিপুরে ওমানের হয়ে নতুন এক রেকর্ড গড়ে দেয়।
এদিকে মনোনয়ন তালিকার আরেক ক্রিকেটার অজয় কুমার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাতের এই তরুণ বোলার প্রথম দুই ওয়ানডেতেই শিকার করেছেন ৯ উইকেট। তার বোলিং গড় ছিল মাত্র ৭.৬৬ এবং ইকোনমি রেট ৩.৬৬। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি, ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।
এমআর/টিএ