এল ক্লাসিকোতে খেলতে ‘প্রস্তুত’ এমবাপে
ছবি: সংগৃহীত
০৫:০৮ এএম | ০৯ মে, ২০২৬
চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। ধারণা করা হচ্ছে, মৌসুমের শেষ ক্লাসিকোয় খেলার জন্য প্রস্তুত থাকবেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, শুক্রবার দলের সঙ্গে পুরো সেশনে ঘাম ঝরিয়েছেন ২৭ বছর বয়সী এমবাপে। রিয়াল মাদ্রিদও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছে, যেখানে এই ফরোয়ার্ডকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে।

আগামী রোববার কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
গত ২৪ এপ্রিল, লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এমবাপে। এজন্য গত রোববার এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
বার্সেলোনা ম্যাচ দিয়ে মাঠে ফেরার জোর চেষ্টায় ছিলেন এমবাপে। দ্রুত উন্নতি করে এখন রিয়ালের প্রতিনিধিত্ব করার অপেক্ষায় তিনি।
আসছে ক্লাসিকোয় আর্দা গিলের, অহেলিয়া চুয়ামেনি, ফেরলঁদ মঁদিকে পাবে না রিয়াল। মাথায় চোট পাওয়া ফেদে ভালভের্দেও খেলবেন না বার্সেলোনার বিপক্ষে।
লিগে চার রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। আরও একবার মেজর শিরোপাশূন্য মৌসুম শেষ করার দুয়ারে তারা।
৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল।
এমআর/টিএ