© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে ডেভিসকে নিয়ে দুশ্চিন্তায় কানাডা

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে ডেভিসকে নিয়ে দুশ্চিন্তায় কানাডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ এএম | ০৯ মে, ২০২৬
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এই সময়ে চোট ছোবল দিয়েছে আলফুঁস ডেভিসের শরীরে, যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক কানাডার জন্য।

হ্যামস্ট্রিংয়ের চোটে অন্তত কয়েক সপ্তাহের জন্য ডেভিসের ছিটকে পড়ার কথা শুক্রবার জানিয়েছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ।

গত বুধবার, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে এই চোট পান ডেভিস। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ২৩ মিনিট খেলতে পারেন তিনি।

শেষ চারের প্রথম দেখায় পিএসজির বিপক্ষে ৫-৪ গোলে হেরে যায় বায়ার্ন। দ্বিতীয় লেগে সেই ব্যবধান ঘোচাতে না পেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে জার্মান চ্যাম্পিয়নরা।



চলতি মৌসুমে কয়েক দফায় চোট পেয়েছেন ২৫ বছর বয়সী ডেভিস। ফলে এবার বায়ার্নের একাদশে নিয়মিত হতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে খেলতে পেরেছেন কেবল ২৩ ম্যাচ।

বারবার চোটের আঘাতে আসা যাওয়ার মাঝে এই মৌসুমে বায়ার্নের শুরুর একাদশে খুব একটা দেখা যায়নি ডেভিসকে। বুন্ডেসলিগায় স্রেফ ছয়টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। আর গত ফেব্রুয়ারির পর থেকে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি এই লেফট-ব্যাক।

এরই মধ্যে বুন্ডেসলিগা জেতা বায়ার্নের চলতি মৌসুমে আর কেবল তিনটি ম্যাচ বাকি। তাদের জন্য ডেভিসকে হারানো বড় ধাক্কা না হলেও, কানাডার জন্য দুর্ভাবনার কারণ।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে কানাডা। সেখান তাদের তিন প্রতিপক্ষ - বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ১২ জুন শুরু হবে কানাডার বিশ্বকাপ অভিযান। এর আগে জুনের শুরুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা উজবেকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপে ডেভিসকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে মরিয়া কানাডা। তাই অভিজ্ঞ ফুটবলারকে দ্রুত সারিয়ে তুলতে বায়ার্নের সঙ্গে কাজ করার কথা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

“আমরা আলফুঁসের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছি এবং তার সাম্প্রতিক চোটের পর বায়ার্নের মেডিকেল টিমের সঙ্গেও কথা বলছি।”

“আমাদের মূল লক্ষ্য তার সুস্থ হয়ে ওঠায় সাহায্য করা এবং ‘সফট টিস্যু’ বিশেষজ্ঞের মতামত নেওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা, যাতে ফিফা বিশ্বকাপের আগে সে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার সেরা সুযোগটি পায়।”

২০২৫ সালের মার্চের পর কানাডার হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ডেভিস। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন তিনি।

এমআর/টিএ 

মন্তব্য করুন