সেলফি তুলতে এসে রোহিতের আড়াই কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ০৯ মে, ২০২৬
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন রোহিত শর্মা। আইপিএলের মাঝেই এক ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই অধিনায়ক। তার হাতের ঘড়ি ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। হাসি মুখে এক জনের সেলফি তোলার আবদারও রাখেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই সময়ই ঘটে বিপত্তি।

সেলফি তোলার বাহানায় গাড়ির খুবই কাছে চলে যায় এক ভক্ত। রোহিত ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকানোর সময় সেই ভক্ত তার হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। এই ঘটনায় ক্ষুব্ধ রোহিতকে কিছু বলতেও দেখা যায় সেই ভক্তকে। তারপর বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির জানালা বন্ধ করে দেন।
চলমান আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে তিনি রান করেছেন মোট ২২১। তার ব্যাটিং গড় ৫৫.২৫। এই সময়ে ব্যাটিং করেছেন ১৭৪.০১ স্ট্রাইক রেটে।
আরআই/টিকে