© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি কি নাক ডাকেন? ঘুমের অভ্যাস নিয়ে কৌতূহল ভক্তদের

শেয়ার করুন:
মেসি কি নাক ডাকেন? ঘুমের অভ্যাস নিয়ে কৌতূহল ভক্তদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ০৯ মে, ২০২৬
লিওনেল মেসি গতকাল (শুক্রবার) লো দেল পোলো শো-তে এক প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে উত্তর দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতার অনুভূতি, বন্ধু নেইমারকে বিশ্বকাপে খেলতে দেখার ইচ্ছা এবং ফেভারিট কাদের মানছেন, তা নিয়ে কথা বলেন তিনি। সেখানে আর্জেন্টিনা অধিনায়কের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও কথা হয়েছে। টিভি সঞ্চালক পোয়ো আলভারেসকে তিনি নানান মজার তথ্য দিয়েছেন।

২০১০ সালের বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা তারকার রুমমেট ছিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তিনি বলেছিলেন, ‘মেসি ভালো রুমমেট। কিন্তু ছোট একটা সমস্যা আছে, সে অনেক বেশি নাক ডাকে।’ সবশেষ সাক্ষাৎকারে নাক ডাকা নিয়ে প্রশ্ন শুনতে হলো মেসিকে। তিনি বললেন, ‘আমি কি নাক ডাকি? না, আমি সত্যিই জানি না। সম্ভবত আমি যদি ক্লান্ত থাকি। কিন্তু আমি জানি না। আমি কখনো চিৎ হয়ে বা বাঁ পাশে কাত হয়ে ঘুমাই না। সবসময় আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই।’



ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ব্যবহার করেন মেসি, ‘আমি কি ঘুম থেকে জাগার জন্য অ্যালার্ম ব্যবহার করি? হ্যাঁ, আমি সচরাচর আমার অ্যালার্ম সেট করি সকাল ৭টায়।’ তারপর নিজে গাড়ি চালিয়ে ছেলেদের স্কুলে পৌঁছে দেন, ‘আমি নিজেই গাড়ি চালিয়ে ছেলেদের স্কুলে দিয়ে আসি। তারপর ইন্টার মায়ামির ট্রেনিংয়ে যাই। মায়ামিতে আমার বাচ্চাদের স্কুলের সামনে আমি গাড়ি থেকে নামি না, অন্য ছাত্রদের বাবা-মাদের সঙ্গেও কথা বলি না। একটা জায়গায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই চলে আসি।’

আমেরিকায় থেকেও ইংরেজি বলায় দক্ষতা অর্জন করতে পারেননি মেসি, ‘আমি ইংরেজিতে বেশি কথা বলি না। আন্তোনেলা পারে। সে ইংরেজিতে বেশ ভালো।’ সবকিছুতেই প্রতিদ্বন্দ্বিতা করার অভ্যাস তার, ‘আমি এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে ভিডিও গেমসেও আমি আমার ছেলেদের কাছে হারতে চাই না।’ বয়স তার গতিতে এগোচ্ছে। এনিয়ে কি উদ্বেগে থাকেন মেসি। ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘শিগগিরই বয়স ৪০ হচ্ছে, আমি এনিয়ে আতঙ্কিত কি না? না, মোটেও না। সত্যি বলছি।’ নিজের দেশ নিয়ে তার কৌতূহলের সীমা নেই, ‘আমি আর্জেন্টিনার সবকিছু সম্পর্কে জানতে ভালোবাসি, প্রত্যেকটি শহর, প্রতিটি জায়গা।’


ইউটি/টিএ

মন্তব্য করুন