স্লিপে ২ ক্যাচ ফেলা নিয়ে আক্ষেপ করলেন সালাউদ্দিন
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ০৯ মে, ২০২৬
বাংলাদেশের ফিল্ডারদের বেশ কিছু মিস ফিল্ডিংয়ে রান বেরিয়ে গেছে। আর স্লিপে দুটো ক্যাচ ড্রপ দিন শেষে আক্ষেপ বাড়িয়েছে। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করে স্বাগতিকদের অস্বস্তিতে রেখেছে। ম্যাচের পরের সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্যাচ মিস করা নিয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এনিয়ে ব্যাখ্যা দেন।
ইনিংসের অষ্টম ওভারে ইবাদত হোসেনের বলে স্লিপে ইমাম উল হকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। ২৩ রানে জীবন পেয়ে পাকিস্তানি ব্যাটার করেন ৪৫ রান। তিনি আউট হওয়ার পর প্রথমবার জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে নামেন আব্দুল্লাহ ফজল। দিন শেষে তিনি ৩৭ রানে অপরাজিত। স্লিপে সাদমান ইসলাম তার ক্যাচ না ছাড়লে ২৮ রানেই প্যাভিলিয়নের দিকে হাঁটতেন এই ব্যাটার।

স্লিপে ক্যাচ মিস করা নিয়ে সালাউদ্দিন বললেন দুর্বলতার কথা, ‘আমাদের কিছু ক্ষেত্রে আসলে অনেক উন্নতির দরকার, বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ে। কারণ এটা বিশেষায়িত জায়গা। এই জায়গাতে আসলে আরেকটু উন্নতি কীভাবে করা যায়, সেটা নিয়ে আমরা আসলে কথা বলব।’
দলের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমাদের সাধারণত লক্ষ্য থাকে যেন আমরা পাঁচ সেশন ব্যাটিং করতে পারি। আমরা সেই লক্ষ্যেই যাচ্ছিলাম। শটস খেলে আউট হয়েছে, আসলে মাঝেমধ্যে হতেই পারে। তো এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই।’
ভালো জায়গায় বল করতে না পারার আক্ষেপের কথা জানালেন সালাউদ্দিন, ‘ওরা তো পরপর তিনটা বাঁহাতি নামিয়েছে। খুব বেশি অসুবিধা হয়েছে? যে ভালো সে সব জায়গাতেই ভালো হবে, ঠিক আছে? যে খারাপ সে সব জায়গাতেই খারাপ হবে। আমার মনে হয় যে আমরা ভালো জায়গায় বল করিনি, সেটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রধান সমস্যা।’
বোলাররা উত্তেজিত হয়ে খেই হারিয়েছে মনে করেন তিনি, ‘পুরোটাই তো আসলে মানসিক ব্যাপার। কারণ যখন দেখবেন যে উইকেটে ঘাস আছে তখন বোলারদের অনেক উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় ওখানেই আমরা ভুলটা করেছি। আমাদের আসলে ভালো জায়গা বজায় রাখাটা খুব বেশি জরুরি ছিল। সেখানে হয়তো আমরা সেই ভুলটা করেছি।’
আরআই/টিকে