কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৩৪ পিএম | ০৯ মে, ২০২৬
কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী গতকাল (৯ মে) শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিসিকে শিল্প প্লট করার একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। বিসিকের জন্য যে জমিগুলো নেই সে সব পরিত্যক্ত, অকৃষি ও এক ফসলি জমি।
কৃষি জমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে। আমরা বিসিকে শিল্প প্লট তৈরি করি তাঁর একটি সংগঠিত কাঠামো থাকে। সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ও রয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রংপুর বিভাগেই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের। ফলে এ অঞ্চলে বিসিক শিল্পনগরীগুলোতে ও এর বাইরে বিভিন্ন জায়গায় ছোট ছোট শিল্প কলকারখানা উঠেছে। শিল্প বিকাশে কম লাভে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। আরো ৪৪ একর জমির ওপর বিসিক সম্প্রসারণ করা হবে। এতে প্রায় ২০০ শিল্প হবে।
তিনি বলেন, উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত বন্ধ কলকারখানা চালু করা হবে। সরকারের প্রথম কাজ হলো বেকার সমস্যা সমাধান করা। এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামী ৫ বছরে ২ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। শিল্পের বিকাশ ঘটলে অর্থনীতির চাকা সচল থাকে।
সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনের সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বিসিক জেলা কার্যালয়েল উপ-ব্যবস্থাপক মো. নুরেল হকসহ অন্যান্য কর্মকর্তা ও বিসিক শিল্প মালিকেরা উপস্থিত ছিলেন।
এমআই/টিকে